২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস শুরু

বর্তমানে সব শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং ডিজিটাল ব্যাংকিং সেবা স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে বলেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2026, 11:38 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’- স্লোগানে গ্রাহক সেবা মাস শুরু করেছে ইসলামী ব্যাংক। 

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন মজুমদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দীন জসিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান, উপব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম, মাহমুদুর রহমান, রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মাকসুদুর রহমান।

ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন বলেন, “বর্তমানে ইসলামী ব্যাংকের সব শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং ডিজিটাল ব্যাংকিং সেবা স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। রেমিটেন্স গ্রাহকরাও নির্বিঘ্নে সেবা গ্রহণ করছেন।

“যেসব গ্রাহক হিসাব বন্ধ করে অর্থ উত্তোলন করেছিলেন, তাদের অধিকাংশই ইতোমধ্যে ব্যাংকের ওপর আস্থা রেখে ফিরে এসেছেন। এই স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন আমাদের প্রতি তাদের দীর্ঘদিনের বিশ্বাসেরই সুস্পষ্ট প্রতিফলন।”

ইসলামী ব্যাংককে একটি শক্তিশালী, স্থিতিশীল ও সুদৃঢ় আর্থিক প্রতিষ্ঠান আখ্যা দিয়ে এর কর্মীদের স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে বলেন তিনি।