Published : 07 Aug 2025, 07:41 PM
ময়মনসিংহ ও শেরপুরে স্কুল শিক্ষার্থীদের জন্য চালু হল বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি।
এই কর্মসূচির আওতায় এ বছর দেশজুড়ে ৩৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার বই বিতরণ করা হবে। বিশ্বসাহিত্য কেন্দ্রের এ কর্মসূচির পৃষ্ঠপোষকতা করছে বিকাশ।
বৃহস্পতিবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ কলেজিয়েট স্কুল, ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় ও ময়মনসিংহ জিলা স্কুলে বই পড়া কর্মসূচি চলবে।
আর শেরপুরে এ কর্মসূচি চলবে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়, গোবিন্দ কুমার পাইলট উচ্চ বিদ্যালয়, নবারুণ বিদ্যানিকেতন ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে।
সম্প্রতি ময়মনসিংহ ও শেরপুর জেলা শিল্পকলা একডেমিতে অনুষ্ঠান করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।
ময়মনসিংহের স্থানীয় সরকারের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস এবং শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জাহিদ হাসান শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
বিকাশের ইভিপি এবং হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন উপস্থিত ছিলেন এসব অনুষ্ঠানে।
বইপড়া কার্যক্রমকে আরও জনপ্রিয় করতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য সমসাময়িক বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ৮০ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
পাঠ্য-পুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যাতে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যেই বিশ্বসাহিত্য কেন্দ্র দেশজুড়ে বই পড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। ২০১৪ সাল থেকে এ কর্মসূচির সঙ্গে যুক্ত আছে বিকাশ।
এ কর্মসূচির আওতায় দেশজুড়ে প্রায় ৪ লাখ বই বিতরণ করা হয়ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।