Published : 16 Sep 2025, 10:14 PM
দেশের বিভিন্ন স্থানে তরুণীদের ফার্মেসি অ্যাসোসিয়েট হিসেবে প্রশিক্ষণ দিতে যৌথভাবে ‘কমলাফুল ফার্মেসি’ চালু করেছে সিটি ব্যাংক এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল-ইউএনএফপিএ।
এর মাধ্যমে নারীর ক্ষমতায়নের পাশাপাশি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার ‘নিশ্চিত হবে’ বলে আশা করছে উভয়পক্ষ।
মঙ্গলবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন।
যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উদ্যোগ ইউএনএফপিএ পরিচালিত সফল পাইলট প্রকল্প ‘কমলাফুল ফার্মেসি’র অভিজ্ঞতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিচালিত ওই প্রকল্পে দেখা গেছে, নারী ফার্মাসিস্ট ও অ্যাসোসিয়েটরা নারীদের কাছে বেশি গ্রহণযোগ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক উন্নত পরামর্শ দিতে সক্ষম এবং প্রয়োজনীয় সেবার প্রবেশাধিকার প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এ ‘সাফল্যের’ ধারাবাহিকতায় প্রকল্পটির সম্প্রসারণ করছে সিটি ব্যাংক। যার মাধ্যমে নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নত প্রজনন স্বাস্থ্যসেবার মাধ্যমে বৃহত্তর ও স্থায়ী সামাজিক প্রভাব নিশ্চিত করার প্রত্যাশার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, “সিটি ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্ব প্রমাণ করে যে বেসরকারি খাত নারীর ক্ষমতায়ন, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার প্রবেশাধিকারের প্রসারে রূপান্তরমূলক ভূমিকা রাখতে পারে। তরুণীদের ফার্মেসি অ্যাসোসিয়েট হিসেবে গড়ে তোলা মানে সুস্থ পরিবার, শক্তিশালী সমাজ এবং আরও সমতাভিত্তিক বাংলাদেশ গঠনে বিনিয়োগ করা।”
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, “আমরা বিশ্বাস করি, আর্থিক অন্তর্ভুক্তির পাশাপাশি সামাজিক অন্তর্ভুক্তিও জরুরি। ইউএনএফপিএর সাথে এই উদ্যোগটি কেবল তরুণীদের কর্মসংস্থানের প্রশিক্ষণ নয়, বরং মর্যাদা, স্বনির্ভরতা ও নেতৃত্ব অর্জনের পথ তৈরি করবে।”
সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মাহিয়া জুনেদ, ব্র্যান্ড ও মার্কেটিং প্রধান শাহরিয়ার জামিল খান, ইউএনএফপিএর স্বাস্থ্য বিভাগের প্রধান বিভাবেন্দ্র সিং রাঘুবংশী, কমিউনিকেশন স্পেশালিস্ট গুলালেক সোলতানোভা এবং প্রোগ্রাম অ্যানালিস্ট (আরবান হেলথ) মো. আজমল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।