Published : 10 Sep 2026, 11:41 PM
মাইজিপি অ্যাপে একটি ইন্টারফেস ও সাবস্ক্রিপশনের মাধ্যমে একাধিক এআই মডেল এবং টুল ব্যবহারের সুবিধা নিয়ে এসেছে টেলিযোগাযোগ সেবাদাতা কোম্পানি— গ্রামীণফোন।
‘ওয়ানএআই’ নামে এ ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার আরও গতিশীল করবে বলে মনে করছে কোম্পানিটি।
এ প্ল্যাটফর্মে চ্যাটজিপিটি, ক্লড, গ্রক, ডিপসিক, জেমিনাইসহ আরও অনেক শীর্ষস্থানীয় এআই মডেল ব্যবহার করা যাবে।
বৃহস্পতিবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
শিক্ষার্থীদের জন্য প্যাকেজ শুরু হচ্ছে প্রতি মাসে ৭১ টাকা থেকে, যার মাধ্যমে আনলিমিটেড এআই চ্যাটের পাশাপাশি গবেষণা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এবং কোডিং সহায়তার সুবিধা পাওয়া যাবে।
বৃহস্পতিবার বিকালে গ্রামীণফোনের ‘এআই অ্যান্ড আই ডে’ উপলক্ষ্যে বসুন্ধরার জিপিহাউসে ‘ওয়ানএআই’ সেবা উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এসময় গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, ব্যবস্থাপনা দল ও অন্যান্য কর্মীরাসহ ওয়ানএআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিরুল হক উপস্থিত ছিলেন।
রেহান আসিফ আসাদ বলেন, “২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে এআইয়ের ভূমিকা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।“
ইয়াসির আজমান বলেন, “এ উদ্যোগের মাধ্যমে আরও বড় পরিসরে গ্রামীণফোনের 'এআই অ্যান্ড আই' যাত্রার পরবর্তী ধাপের সূচনা হলো।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোন গ্রাহকরা মাইজিপি অ্যাপের মাধ্যমে সরাসরি 'ওয়ানএআই' ব্যবহার করতে পারবেন এবং তাদের মোবাইল ব্যালেন্সের মাধ্যমে পছন্দসই বিভিন্ন প্যাকেজ কিনতে পারবেন।