১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওমরাহ যাত্রী ও শিক্ষার্থীদের বিনামূল্যে ২০ কেজি ব্যাগেজ সুবিধা নভোএয়ারের

নভোএয়ারের এই সুবিধা অনির্দিষ্টকালের জন্য চালু থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 03:45 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ওমরাহ পালনকারী যাত্রী এবং বিদেশগামী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে নভোএয়ার। 

এর আওতায় তারা অতিরিক্ত ২০ কেজি ব্যাগেজ বিনামূল্যে বহনের সুযোগ পাবেন।

অতিরিক্ত ব্যাগেজ সুবিধার ফলে ওমরাহ পালনকারী ও বিদেশে অধ্যয়নগামী শিক্ষার্থীরা অভ্যন্তরীণ রুটে ৪০ কেজি চেক-ইন ব্যাগেজ বহনের সুবিধা পাবেন বলে বুধবার বিজ্ঞপ্তিতে জানিয়েছে নভোএয়ার। 

অভ্যন্তরীণ রুটে যাত্রীরা সাধারণত ২০ কেজি পণ্য চেক-ইন ব্যাগেজে এবং ৭ কেজি পণ্য হ্যান্ড ব্যাগেজে বহনের সুবিধা পেয়ে থাকে। এর বেশি পণ্য ব্যাগেজে নিতে হলে অতিরিক্ত টাকা দিতে হয়।

নভোএয়ারের এই সুবিধা অনির্দিষ্টকালের জন্য চালু থাকবে।  

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, “নভোএয়ার সবসময় যাত্রীসেবার মানোন্নয়ন এবং যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী করে তুলতে বদ্ধপরিকর। তাই সম্মানিত ওমরাহ যাত্রী ও বিদেশগামী শিক্ষার্থীদের ভ্রমণকে সাশ্রয়ী  ও স্বাচ্ছন্দ্যময়  করতে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা দেওয়া হচ্ছে।”

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও সিলেট অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।