১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল প্রাণ-আরএফএল গ্রুপের দুই কোম্পানি

খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে হবিগঞ্জ অ্যাগ্রো এবং তৈরি পোশাক (নিট) খাতে চরকা টেক্সটাইল এ পুরস্কার পেয়েছে।

‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল প্রাণ-আরএফএল গ্রুপের দুই কোম্পানি
হবিগঞ্জ অ্যাগ্রোর পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 04:15 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

পরিবেশবান্ধব উদ্যোগের জন্য ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের দুই কোম্পানি ‘হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড' ও ‘চরকা টেক্সটাইল লিমিটেড'। 

খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে হবিগঞ্জ অ্যাগ্রো এবং তৈরি পোশাক (নিট) খাতে চরকা টেক্সটাইল এ পুরস্কার পেয়েছে বলে বুধবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান উপস্থিত ছিলেন এসময়। 

চরকা টেক্সটাইলের পক্ষে পুরস্কার নেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহান শাহ আজাদ। 

চরকা টেক্সটাইলের পক্ষে পুরস্কার নেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহান শাহ আজাদ।

অনুষ্ঠানে হবিগঞ্জ অ্যাগ্রোর পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী এবং চরকা টেক্সটাইলের পক্ষে পুরস্কার নেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহান শাহ আজাদ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ ও শোভন কর্মপরিবেশ, পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষ শ্রম শক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নে অবদান রাখায় এ পুরস্কার দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। 

প্রাণ-আরএফএল গ্রপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, “আমরা কারখানা নির্মাণের শুরু থেকেই ভবনের নকশা, অবকাঠামা ও অন্যান্য  স্থাপনা বসানোর ক্ষেত্রে পরিবেশের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিই। এবং উৎপাদন থেকে বিপণনের প্রতিটি ধাপে পরিবেশবান্ধব প্রক্রিয়া অনুসরণ করি। এ পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।”