Published : 09 Sep 2026, 12:55 AM
সরকারি চাকরিতে ১১–২০ গ্রেডের কর্মচারী নিয়োগে পরীক্ষার নম্বরে পরিবর্তন আনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এদিন সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার নম্বরে পরিবর্তন আনার কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
লিখিত পরীক্ষায় পাস নম্বর কমিয়ে বিধিমালা পরিবর্তন আনার এবং মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান তিনি।
সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা ডাকসুর মিছিলটি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পথগুলো প্রদক্ষিণ করে মিছিলটি ডাকসু ভবনের সামনে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, “বিএনপির সংসদ সদস্যরা বলতে শুরু করেছেন, ‘রিটেনটা কোনোভাবে পাশ করো, ভাইবাতে আমরাই দেখছি।’ তার মানে হল, বিএনপি সরকার আপনাদের জন্য ভাইবা কার্ড করেছে।
“এই ভাইবা কার্ড পাওয়ার মাধ্যমে আপনাদের আর মেধা লাগবে না। এই কার্ডের মাধ্যমে টাকা, ঘুষ, চাঁদা, মামা-খালু এবং আত্মীয়স্বজনের পরিচয়ে এখন থেকে আপনাদের চাকরি দেওয়া হবে।”
দেশে ২৭ লাখ বেকার থাকার কথা তুলে ধরে তিনি বলেন, “এ বেকারদের পেটে বিএনপি সরকার লাথি মারবে। আমরা বিএনপি সরকারের ইতিহাস দেখেছি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সীমাহীন স্বজনপ্রীতি, দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যের মাধ্যমে তারা দেশের মেধাকে ধ্বংস করেছিল।”
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে সাদিক কায়েম বলেন, “এটা কি আপনার পরিকল্পনা? একই পরিকল্পনা, যার মাধ্যমে আপনি ভাইবা কার্ড প্রচলন করতে চান?
“১৭ বছর যারা বঞ্চিত ছিলেন, সেই বঞ্চনার প্রতিশোধ কি বেকার যুবকদের পেটে লাথি মেরে নেওয়া হবে? স্বজনপ্রীতি, দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যের মাধ্যমে কি আপনার নেতা-কর্মীদের পেট ভরাতে চান? এই পরিকল্পনা আমরা ব্যর্থ করে দেব, ইনশাআল্লাহ।”
আবার রাজপথে নামার হুমকি দেন ডাকসু ভিপি।
ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, “ক্ষমতায় আসার পর ছয়-সাত মাসে সরকারের বিভিন্ন ব্যর্থতা রয়েছে।”
জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ, গ্রামাঞ্চলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ এবং নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগ নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।