১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘সুলতানার স্বপ্নের’ ইউনেস্কোর স্বীকৃতি: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার

১৯০৫ সালে লেখা বইটির প্রাসঙ্গিকতা নিয়ে সেমিনারে আলোচনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 10:09 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেস্কোর 'মেমরি অফ দ্য ওয়ার্ল্ড'-এ অন্তর্ভুক্ত হওয়ায় সেমিনারের আয়োজন করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগ। 

রোববার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নওশের আলী লেকচার গ্যালারিতে এ সেমিনার হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

১৯০৫ সালে লেখা বইটির প্রাসঙ্গিকতা নিয়ে সেমিনারে আলোচনা করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক। বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান। অন্যদের মধ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ফৌজিয়া মান্নান অনুষ্ঠানে বক্তব্য দেন।

সেমিনারে বক্তারা বলেন, বইটির মাধ্যমে বেগম রোকেয়া নারীশাসিত এমন একটা আদর্শ ‘নারীল্যান্ড’-এর স্বপ্ন দেখেছিলেন, যেখানে নারীর নেতৃত্ব, সমতা, শান্তি ও অগ্রগতি নিশ্চিত করা হয়েছে।

তারা আক্ষেপ করে বলেন, ‘সুলতানার স্বপ্ন’ লেখার ১২০ বছর পরও সমাজে নারীরা বহু চ্যালেঞ্জের সম্মুখীন। বাল্যবিবাহ, ক্ষমতায়নের অভাব, সম্পত্তিতে সীমিত অধিকার, এবং রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বল্প অংশগ্রহণ নারীদের এখনও প্রান্তিক করে রেখেছে।

রোকেয়ার স্বপ্নের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই বৈষম্যগুলো দূর করতে বক্তারা নারীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, এসব ক্ষেত্রে জ্ঞান অর্জন করলে নারীরা নেতৃত্বস্থানীয় পদে আসীন হতে পারবে এবং উন্নয়নে অর্থবহ অবদান রাখতে পারবে।