কিউএস এশিয়া র্যাংকিং: ২০ ধাপ পিছিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়
এবার এশিয়ার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩২তম।
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) র্যাংকিংয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২০ ধাপ পিছিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
এবার এশিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩২তম; আর দক্ষিণ এশিয়ায় ১৭তম। গত বছরের র্যাংকিংয়ে এশিয়ার মধ্যে অবস্থান ছিল ১১২তম।
মঙ্গলবার ‘এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৬’ তালিকা প্রকাশ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “এবার তালিকায় এশিয়ার ১ হাজার ৫২৯টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। এ র্যাংকিংয়ে প্রধানত একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারীর সংখ্যা ও আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা করা হয়েছে।
“এছাড়া কিউএস প্রতিবছর কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর বার্ষিক একটি র্যাংকিং প্রকাশ করে। সেই র্যাংকিংয়ে সারাবিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪ তম।”
এবার এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে দ্য ইউনিভার্সিটি অব হংকং। চীনের পিকিং ইউনিভার্সিটি রয়েছে তালিকায় দ্বিতীয় অবস্থানে।
২০২৪ সালে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের নেতৃত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমদকে আহ্বায়ক করে বিশ্ব র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নের লক্ষ্যে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়।
এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ২০ ধাপ পেছানোর কারণ জানতে অধ্যাপক মামুন আহমদকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
