২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

টাইমসের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংয়ে আইইউবি

আইইউবি বৈশ্বিকভাবে ৪০১-৫০০তম অবস্থানে রয়েছে আর দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2024, 08:30 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং ২০২৫-এ বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আইইউবি বৈশ্বিকভাবে ৪০১-৫০০তম অবস্থানে রয়েছে আর দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে। 

টাইমস হায়ার এডুকেশন ইন্টারডিসিপ্লিনারি বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর অবদানকে ইনপুট (অর্থায়ন), প্রক্রিয়া (প্রাতিষ্ঠানিক সহায়তা) এবং আউটপুট (গবেষণার গুণগত মান ও পরিচিতি) এই তিন পদ্ধতিতে মূল্যায়ন করে। 

তাদের মূল্যায়ন পদ্ধতিতে ১১টি কর্মক্ষমতার সূচক বিবেচনা করা হয়। এজন্য ১৫.৭ কোটি সাইটেশন, ১.৮ কোটি গবেষণা প্রকাশনা এবং বিশ্বব্যাপী ২০ হাজারেরও বেশি শিক্ষাবিদের মধ্যে চালানো জরিপের তথ্য বিশ্লেষণ করা হয়।

আইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য খন্দকার মো. ইফতেখার হায়দার বলেন, “এই স্বীকৃতি গবেষণা ও একাডেমিক উৎকর্ষতার প্রতি আইইউবির প্রাতিষ্ঠানিক অঙ্গিকার এবং শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের প্রতিফলন। এ অর্জন বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সাহস যোগাচ্ছে এবং আমরা বৈশ্বিক পর্যায়ে অবদান রাখার প্রেরণা পাচ্ছি।”