২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আটজনের অনশন ভাঙালেন ঢাবি প্রক্টর

বিকালে তাদের কর্মসূচিতে সংহতি জানিয়েছিলেন উপাচার্য নিয়াজ আহমেদ খান।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2024, 02:59 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

‘জুলাই বিপ্লবে’ আক্রমণকারীদের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তারের দাবি তোলা আটজনের অনশন ভাঙিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

বৃহস্পতিবার গভীররাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ডাবের পানি খাইয়ে তাদের অনশন ভাঙান।

এর আগে সকালে সেখানে আমরণ অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আশিকুর রহমান জিম। পরে বিশ্ববিদ্যালয়ের আরো ৪ শিক্ষার্থীসহ মোট ৮ জন সেই কর্মসূচি চালিয়ে যান।

অনশন পালনকারীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান জিম, রেজোয়ান আহমেদ রিফাত ও রেদোয়ানুল ইসলাম, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও সহ-সমন্বয়ক রিফাত রিদওয়ান, আরমানুল ইসলাম, সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইমাম হোসাইন ইমন, ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুর রহমান, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী সুহাইল মাহদীন।

রেদোয়ানুল ইসলাম বলেন, “আমরা অনশন চালিয়ে যাওয়ার পর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের দাবি মেনে নিয়ে বিবৃতি প্রদান করলে রাত ১২টায় প্রক্টর স্যার এসে ডাবের পানি খাইয়ে আমাদের অনশন ভাঙান।

“আমরা আশা করি, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে।" 

এর আগে বিকালে অনশনরত শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানাতে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দীন আহমদ।