১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ডেনমার্ক ও সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি দলের পরিদর্শন

পরিদর্শনের মূল উদ্দেশ্য সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ইউরোপের এই দুটি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অ্যাকাডেমিক ও গবেষণামূলক সহযোগিতা বাড়ানো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 02:50 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ডেনমার্ক ও সুইজারল্যান্ড দূতাবাস থেকে দুটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পরিদর্শন করেছেন। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই পরিদর্শনের মূল উদ্দেশ্য সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ইউরোপের এই দুটি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অ্যাকাডেমিক ও গবেষণামূলক সহযোগিতা বাড়ানো।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাউথইস্ট ইউনিভার্সিটি জানিয়েছে, ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি দল সাউথইস্ট ইউনিভার্সিটি পরিদর্শন করেছে ২১ আগস্ট। এ সময় উপস্থিত ছিলেন সেক্টর কাউন্সিলর ওলে রোসেনবর্গ জাস্টেসেন এবং সাসটেইনেবল প্রোডাকশন বিষয়ক সহযোগী উপদেষ্টা জনাব ফাহিম আবরার। তারা বাংলাদেশের কৃষি, জলবায়ু, পরিবেশ এবং শ্রম সম্পর্কিত বিশাল ডেটা সম্পদের সম্ভাবনার ওপর গুরুত্ব আরোপ করেন এবং এ খাতগুলোতে গবেষণাভিত্তিক সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন। 

এছাড়া, ডেনমার্কে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তি ও তহবিল প্রাপ্তির সম্ভাবনাও তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এরপর ২৬ আগস্ট সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি দল সাউথইস্ট ইউনিভার্সিটি পরিদর্শন করে। 

দলটির নেতৃত্ব দেন কাউন্সিলর এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগ বিষয়ক প্রধান জনাব আলবার্তো জিওভানেত্তি, তার সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস কর্মকর্তা খালেদ চৌধুরী। 

তারা সুইস গভ. এক্সেলেন্স স্কলারশিপ কর্মসূচির ওপর আলোকপাত করেন, যা পিএইচডি ও পোস্ট-ডক্টোরাল গবেষকদের জন্য সুইস সরকারের একটি বিশেষ উদ্যোগ। 

এছাড়া আন্তঃপ্রাতিষ্ঠানিক গবেষণা সহযোগিতা, গবেষণাভিত্তিক শিক্ষা এবং সাউথইস্ট ইউনিভার্সিটি ও সুইস বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।

সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.) এবং বিভিন্ন অনুষদের ডিন ও পরিচালকরা দলকে স্বাগত জানান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই বৈঠকগুলোর মাধ্যমে যৌথ গবেষণা প্রকল্প, শিক্ষার্থী ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং কমিউনিটি উন্নয়নকে উৎসাহিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। 

পাশাপাশি, যুব নেতৃত্ব ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুরে ধরা হয়।