১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাউথইস্ট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কর্মশালা

“বর্তমান কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী শিক্ষাদান পদ্ধতি ও কোর্সগুলো ঢেলে সাজানো অত্যন্ত জরুরি,” বলেন উপাচার্য।

বিডিনিউজ২৪

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 12:43 AM

Updated : 26 Aug 2026, 02:13 PM

কর্মক্ষেত্রের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সাপ্লাই চেইন মাইন্ডসেট ইন এডুকেশন অ্যান্ড সোসাইটি লস’ নামে কর্মশালা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে সম্প্রতি এ কর্মশালা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

কর্মশালায় মূল বক্তা ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান। সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

শামস রহমান তার বক্তব্যে শিক্ষাব্যবস্থাকে একটি ‘সাপ্লাই চেইন মডেল’ হিসেবে দেখার কথা বলেন।

তিনি বলেন, “পাঠ্যক্রম তৈরি থেকে শুরু করে দক্ষতা উন্নয়ন পর্যন্ত প্রতিটি ধাপে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করলে তা শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর এবং কর্মসংস্থানমুখী হতে পারে। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো দক্ষতার সঙ্গে ‘চাকরির জন্য প্রস্তুত’ জনশক্তি সরবরাহ করতে সক্ষম হবে।”

উপাচার্য মাহবুবুল ইসলাম বলেন, “বর্তমান কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী শিক্ষাদান পদ্ধতি ও কোর্সগুলো ঢেলে সাজানো অত্যন্ত জরুরি। শিক্ষার্থীরা শিক্ষকদের আচার-আচরণের মাধ্যমেই মূল্যবান শিক্ষা লাভ করে।”

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।