প্রশ্নফাঁসে নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুত করার দাবি ছাত্র ইউনিয়নের
তিন দফা দাবি নিয়ে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি।
সরকারি কর্মকমিশনের (পিএসসি) নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তি এবং ফাঁস করা প্রশ্নে নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি এ দাবি জানায়।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্বে সংবাদ সম্মেলনের লিখিত বিবৃতি পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ।
সংবাদ সম্মেলন থেকে ৩ দফা দাবি পেশ করা হয়।
• প্রশ্নপত্র ফাঁসরোধ ও দোষীদের অতিদ্রুত শাস্তি এবং ফাঁস করা প্রশ্নে নিয়োগপ্রাপ্তদের প্রমাণসাপেক্ষে চাকরিচ্যুত করতে হবে।
• কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করতে হবে।
• কোটা সংস্কার এই কাজে বিশেষায়িত টাস্কফোর্স গঠন করতে হবে।
এই তিন দফা দাবি নিয়ে বুধবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করা হবে বলে জানান বাহাউদ্দিন শুভ।
এছাড়া ‘সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার আদ্যপান্ত, সংকট এবং সমাধান’ শীর্ষক একটি উন্মুক্ত সংলাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে হবে বলে জানান তিনি।
পিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তারের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারদের মধ্যে সাতজনই পিএসসির সাবেক ও বর্তমান কর্মী; এদের মধ্যে রয়েছেন পিএসপির দুইজন উপপরিচালক ও একজন সহকারী পরিচালক।
গ্রেপ্তার ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরো সাত থেকে আট জনকে আসামি করে পল্টন থানায় একটি মামলাও করেছে সিআইডি পুলিশ।
এদিকে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাই কোর্ট রায় দেওয়ার পর থেকে আন্দোলন নেমেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।
রবি ও সোমবার ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে তারা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। তাদের অবরোধের কারণে শহরজুড়ে ব্যাপক যানজটে নাকাল হতে হয় নাগরিকদের।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ব্যানারে এই আন্দোলন সমন্বয়ের জন্য ৬৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ার করেছে।
