Published : 10 Jun 2026, 05:42 PM
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা’।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে বুধবার সকালে কার্জন হল প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।
পরে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন তিনি।
বৃক্ষরোপণের উদ্বোধনী অনুষ্ঠানে জুবাইদা রহমান বলেন, “বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, ছায়া সৃষ্টি এবং একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার সুযোগ তৈরি হয়।”
তিনি বৃক্ষরোপণকে শুধু প্রচলিত কর্মসূচি হিসেবে না দেখে জনগণের অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের ‘সবুজ বিপ্লবে’ রূপান্তরের আহ্বান জানান।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের প্রতিটি গ্রাম ও শহর আরও সবুজ, নির্মল এবং সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ লক্ষ্যে জুবাইদা রহমান গ্রিন ভলান্টিয়ারিজম, সবুজ স্বেচ্ছাসেবা, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ এবং পরিবেশভিত্তিক স্টার্টআপ তহবিল গঠনের প্রস্তাব তুলে ধরেন।
বিজ্ঞান মেলার উদ্বোধনীতে তিনি বলেন, “শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”
শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে স্কুলের পাঠ্যক্রমে ‘সবুজ স্বেচ্ছাসেবা’ বিষয় যুক্ত করার ওপর গুরুত্বারোপ করে তিনি ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের আমন্ত্রণ করা হবে বলে তথ্য দেন।
জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাবির উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, সাবেক উপাচার্য আ ফ মো. ইউসুফ হায়দার, জেডআরএফ পরিচালক মোস্তফা আজিজ সুমন, কৃষিবিদ বয়জার রহমান বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী বার্ষিকী উপলক্ষে জেডআরএফ গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান।
একই দিন জেডআরএফের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।