Published : 29 Jun 2026, 10:06 PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য ৩৩০ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।
এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্ভাব্য বরাদ্দ ধরা হয়েছে ১৫৯ কোটি ১০ লাখ ৬৩ হাজার টাকা আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ২৭ কোটি ৫০ লাখ টাকা।
অবশিষ্ট ১৪৩ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার টাকা ঘাটতি বাজেট হিসেবে দেখানো হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে সিন্ডিকেটের ১১২তম (বিশেষ) সভায় নতুন অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে ২০২৫–২০২৬ অর্থবছরের ২৩০ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেইসবুক পেইজে সংবাদ বিজ্ঞপ্তিতে অনুমোদিত বাজেটে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
বাজেটে গবেষণা খাতে বরাদ্দ কমানো হলেও অন্য সকল খাতে ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় বরাদ্দ বেড়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য গবেষণাখাতে ৮ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ ছিল, যা ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ টাকা কমে হয়েছে ৮ কোটি টাকা।
প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে ৫ লাখ বেড়ে ৩০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। অন্যান্য অনুদান খাতে প্রায় ৪ কোটি টাকা বৃদ্ধি করে ৬২ কোটি ৬ লাখ ৩৪ হাজার টাকা করা হয়েছে। যন্ত্রপাতি খাতে প্রায় এক কোটি টাকা বাড়িয়ে ৫ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে, যা আগের বাজেটে ছিল ৪ কোটি ৯২ লাখ টাকা।
আগের অর্থবছরের তুলনায় যানবাহন খাতে ২ কোটি টাকা বাড়িয়ে ৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তথ্য ও প্রযুক্তি খাতে ৬০ লাখ টাকা বেড়ে হয়েছে ২ কোটি ৩০ লাখ টাকা এবং অন্যান্য মূলধন খাতে ৪০ লাখ টাকা বাড়িয়ে ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বেতন-ভাতা বাবদ প্রায় ১ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ বেড়ে হয়েছে ১২৯ কোটি ৮০ লাখ ৬৬ হাজার টাকা। পণ্য ও সেবা বাবদ ২৪ কোটি ৪৩ লাখ টাকা বাড়িয়ে ১০৮ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি বাবদ ৪ কোটি টাকা বাড়িয়ে ৬০ কোটি টাকা ধরা হয়েছে। অস্থায়ী হল নির্মাণের জন্য প্রায় ৫ কোটি টাকা বৃদ্ধি করে ৩০ কেটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
উন্নয়ন প্রকল্প বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৪৬ কোটি ৬ লাখ ৩১ হাজার টাকা। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ৩৬৯ কোটি ৩৪ লাখ টাকা। প্রকল্পের অবশিষ্ট কাজের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ২০১ কোটি ২১ লাখ ১১ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।