Published : 02 Nov 2025, 03:59 PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্বের থিসিস শিক্ষার্থীরা গবেষণার জন্য প্রায় ৫০ লাখ টাকা পাচ্ছেন।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফেইসবুকে পেজে এ তথ্য জানায় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর।
বার্তায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২৭টি বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মোট ৩৫৪ জন শিক্ষার্থীকে ১৪ হাজার ১২৪ টাকা করে মোট ৫০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।
এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম প্রতিটি অনুষদের দুজন করে শিক্ষার্থীর হাতে ‘মাস্টার্স থিসিস রিসার্চ স্কলারশিপ’এর চেক তুলে দেন। বাকি শিক্ষার্থীরা সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তর থেকে পরিচয়পত্র বা প্রবেশপত্র প্রদর্শনের মাধ্যমে তাদের চেক সংগ্রহ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, “এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো স্নাতকোত্তর থিসিস শিক্ষার্থীদের জন্য গবেষণা অনুদান প্রদানের উদ্যোগ।”
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, “বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একাডেমিক ও গবেষণামুখী শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ও দোয়ার নিদর্শনস্বরূপ কিছু করতে পারায় আমরা আনন্দিত। খুব শীঘ্রই পিএইচডি গবেষকদের জন্যও অনুরূপ বৃত্তি চালু করা হবে।”
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শরমীন বলেন, “গবেষণার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের থিসিসে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের অনুদান প্রদান একটি যুগোপযোগী পদক্ষেপ।
“অনুদানের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হলে এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতকে আরও গতিশীল করবে।”
চলতি অর্থবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেটের পরিমাণ ২৯৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা, যার মধ্যে গবেষণা খাতে বরাদ্দ রয়েছে ৮ কোটি ৩ লাখ টাকা। ওই বাজেট থেকে ৫০ লাখ টাকা মাস্টার্সের থিসিস শিক্ষার্থীদের জন্য বরাদ্দের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।