১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘গান গেয়ে ভাইরাল’ সেই ঢাবি শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

তার বিরুদ্ধে একাডেমিক কার্যক্রম বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ করেছিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা।

‘গান গেয়ে ভাইরাল’ সেই ঢাবি শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি
অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিব

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 04:56 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ‘ভাইরাল’ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে বএকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন।  

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

রেজিস্ট্রার মুনসী শামসুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অধ্যাপক তাশরিক-ই হাবিবের বিরুদ্ধে বাংলা বিভাগ থেকে একটা অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ঠিক কী অভিযোগ রয়েছে অধ্যাপক হাবিবের বিরুদ্ধে সে বিষয়ে প্রশ্ন করলে রেজিস্ট্রার বাংলা বিভাগের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, “উনার বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীরা অ্যাকাডেমিক কার্যক্রম বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ করেছেন। আমরা সেটা প্রশাসনকে জানিয়েছি।”

‘অ্যাকাডেমিক কার্যক্রম বহির্ভূত কর্মকাণ্ড’ বলতে কী বোঝানো হচ্ছে, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।

তবে বাংলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, “তাশরিক স্যারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ বিভিন্ন অভিযোগ করেছিল শিক্ষার্থীরা।”

এ বিষয়ে কথা বলতে অধ্যাপক তাশরিক-ই হাবিবকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

গত কয়েক মাস ধরে অধ্যাপক তাশরিক-ই-হাবিব সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করে ব্যাপক আলোচনায় ছিলেন। তিনি শাহ আব্দুল করিম, জেমস ও ফজলুর রহমান বাবুর গান গেয়ে ফেসবুকে অনেকের নজরে আসেন। 

অনেক শ্রোতা তার গান শেয়ার করে প্রশংসা করেন। তবে ‘ভিন্নধর্মী সুরে’ গান পরিবেশনের কারণে অনেকে আবার তাকে নিয়ে ট্রলও করছেন। 

বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে এ ধরনের কনটেন্ট তৈরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ নিয়ে শিক্ষার্থীদের একাংশের মধ্যেও তীব্র সমালোচনা তৈরি হয়। 

পুরনো খবর

ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, দুজনকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি