১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাবির নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে বুয়েট শিক্ষার্থী আহত

"ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারের নির্মাণাধীন ২০ তলা ভবন থেকে কয়েকটি ইটের টুকরো পড়লে তাওসিফ গুরুতর আহত হন।"

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2024, 01:26 AM

Updated : 10 Sep 2026, 12:16 PM

নীলক্ষেত এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে তাওসিফ মাহির (২২) নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী আহত হয়েছেন।

বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী বৃহস্পতিবার বিকালে রিকশায় করে নীলক্ষেত থেকে নিজের কাজী নজরুল ইসলাম হলে ফিরছিলেন।

ইট পড়ে মাথায় আঘাত পেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহত তাওসিফকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. রিয়াদ মিয়া বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারের নির্মাণাধীন ২০ তলা ভবন থেকে কয়েকটি ইটের টুকরো পড়লে তাওসিফ গুরুতর আহত হন।"

"সেখান থেকে তাকে রিকশায় প্রথমে বুয়েটের গেটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার সহপাঠীরা মিলে ঢাকা মেডিকেলে নিয়ে যান।”

তাওসিফের সহপাঠী মো. সিফাত বলেন, "রিকশায় করে হলে ফিরছিলেন তাওসিফ।"

আহত তাওসিফের বাড়ি চট্টগ্রামের খুলশী পাহাড়তলী এলাকায়। তার বাবার নাম তাজদীক মামুন। 

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, "তাওসিফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।"