১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চবি ছাত্রদল নেতা বহিষ্কার

ফাহাদ সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যোগাযোগ বিষয়ক সম্পাদক ছিলেন।

বিডিনিউজ২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 01:18 AM

Updated : 26 Aug 2026, 03:03 PM

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা শাহরিয়ার উদ্দিন ফাহাদকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার রাতে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শাহরিয়ার উদ্দিন ফাহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে তাকে বহিষ্কারের তথ্য দেওয়া হয়।

চাকসু নির্বাচনে ফাহাদ ছাত্রদল মনোনীত প্যানেলের সহ-দপ্তর সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বহিষ্কারের বিষয়ে বলেন, দলীয় পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হলে বা শৃঙ্খলা ভঙ্গ করলে সংগঠন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে।

বহিষ্কৃত নেতা ফাহাদ দাবি করেন, বহিষ্কারের বিষয়ে সংগঠন থেকে তাকে কোনো কারণ জানানো হয়নি। এটা সাংগঠনিক সিদ্ধান্ত ছিল।

এর আগে ১৩ ফেব্রুয়ারি ফাহাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে একটি পোস্টে লিখেছিলেন, “দলমত যাই হোক, এটা অস্বীকার করার সুযোগ নাই যে দেবিদ্বারের ছেলেরা এখন হাসনাত হইতে চায়।

“গত ১৭ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও ছোট আলমপুর চৌমুহনীতে কোনো অফিস করতে পারে নাই। কিন্তু গত ৭ তারিখ এলাকায় ঢুকে চৌমুহনীতে শাপলাকলির অফিস দেখেই নিশ্চিত হয়েছিলাম, দেবিদ্বারে হাসনাত এরা (যুগ) শুরু হয়েছে। দেখা হবে রাজপথে, ইনশাআল্লাহ।”

বহিষ্কার হওয়ার পর তিনি তাকে দেওয়া নোটিস ও আগের পোস্টের স্ক্রিনশটসহ আরেকটি পোস্ট দেন।

এতে লিখেছেন, “যদিও বুঝাতে চেয়েছিলাম ভিন্ন আদর্শ থেকে দেবিদ্বারের রাজপথে মুখোমুখি দেখা হবে ইনশাআল্লাহ, সেখানে কোনরকম শোকজ না দিয়ে বহিষ্কার আদেশ দেখে হাসি পাচ্ছে লিটরেলি।”