১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জগন্নাথে ভর্তি পরীক্ষা: আবেদন শুরু, পরীক্ষা ৩১ জানুয়ারি থেকে

রোববার দুপুর ১২টা থেকে অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হয়েছে; চলবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2024, 05:05 PM

Updated : 26 Aug 2026, 11:01 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু হয়েছে।

অনলাইনে এ আবেদন চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। 

রোববার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি শিক্ষাবর্ষে ৪০ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে দুই ধাপে।

রোববার দুপুর ১২টা থেকে অনলাইনে (https://admission.jnu.ac.bd) প্রাথমিক আবেদন শুরু হয়েছে; চলবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

১০০ টাকা দিয়ে প্রাথমিকভাবে আবেদন করা প্রার্থীদের মধ্যে থেকে এসএসসি ও এইচএসসির জিপিএ ও এইচএসসির প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ৪০ হাজার জন ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত হবেন। 

এরপর তাদের ৭০০ টাকা দিয়ে ১৭ ডিসেম্বর বেলা ১২টা থেকে ৩০ ডিসেম্বরে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে চূড়ান্ত আবেদন করতে হবে।

আর আগামী ৩১ জানুয়ারি ই-ইউনিটের (চারুকলা অনুষদ) মাধ্যমে শুরু হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।

কোন পরীক্ষা কবে

আগামী ৩১ জানুয়ারি ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা হবে।

১৪ ফেব্রুয়ারি হবে ডি-ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা। পরদিন ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিটের (কলা ও আইন অনুষদ) পরীক্ষার তারিখ রাখা হয়েছে।

এরপর ২২ ফেব্রুয়ারি এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ২৮ ফেব্রুয়ারি সি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২১ ও ২০২২ সালে এসএসসি বা সমমান এবং ২০২৪ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। 

এই শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবে, কেবল তারাই ভর্তির জন্য আবেদন করতে পারবে।

চূড়ান্ত আবেদন করা প্রার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করে তা প্রিন্ট করতে পারবেন। পরীক্ষার দিন আবেদন পত্র অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।