১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউনূসের ‘থ্রি জিরো পলিসি’ নিয়ে সাউথইস্টের আন্তর্জাতিক সম্মেলন

সম্মেলনে থ্রি জিরো পলিসির মূল তিনটি বিষয়—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জনের জন্য কার্যকর কৌশল প্রণয়নে তাগিদ দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 02:05 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো পলিসি’ নিয়ে একটি যৌথ আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্কুল অব বিজনেস, সিএসসিএ, এসবিআইএফ এবং এসইইউডিসিয়ের যৌথ আয়োজনে সোমবার বিশ্ববিদ্যালয়ে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের উদ্বোধন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ উপাচার্য অধ্যাপক মোফাজ্জল হোসেন। প্রথম অধিবেশনে গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান তার আলোচনায় গ্রামীণ ব্যাংক প্রকল্প গড়ে তোলার অভিজ্ঞতা তুলে ধরেন। এই অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম।

এ সম্মেলনে বিশ্বের ছয়টি দেশের নীতিনির্ধারক, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ, কূটনীতিক এবং যুব নেতারাসহ বক্তারা সমবেত হন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্মেলনে থ্রি জিরো পলিসির মূল তিনটি বিষয়—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জনের জন্য কার্যকর কৌশল প্রণয়নে তাগিদ দেওয়া হয়।

সমাপনী অধিবেশনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা  মুহাম্মদ ফাওজুল কবির খান তার বক্তব্যে নবায়নযোগ্য শক্তি, টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বাংলাদেশে উদ্ভাবনী সমাধান ও টেকসই উন্নয়নে সহযোগিতার কথা বলেন। অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে রুফটপ সোলার প্যানেল স্থাপনের বিষয়েও আলোকপাত করেন।

আগামী প্রজন্মের নেতা ও উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে সহযোগিতামূলক মনোভাবকে তিনি অপরিহার্য বলে মন্তব্য করেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী অধিবেশনে উপস্থিত ছিলেন।

এছাড়া, সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম সমাপনী অধিবেশনে বক্তব্য দেন।