ঢাবিতে ২০০ ডাস্টবিন দিল ডিএসসিসি
পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের নেতৃত্ব চাইলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা রক্ষায় ২০০টি ডাস্টবিন দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
পাশাপাশি ডেঙ্গু ও অপরিচ্ছন্নতা রোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম।
বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানিয়েছে, শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকায় ডিএসসিসির সাপ্তাহিক 'ক্লিনিং ডে' কর্মসূচির উদ্বোধনে তিনি এ আহ্বান জানিয়েছেন
শিক্ষার্থীদের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক সালাম বলেন, “বর্তমান বায়ুদূষণ ও অপরিচ্ছন্ন পরিবেশের অবস্থান থেকে বেরিয়ে আসতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরই নেতৃত্ব দিতে হবে। শহীদ মিনার, টিএসসি ও শাহবাগের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোর পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।”
ক্যাম্পাসের জন্য ২০০টি ডাস্টবিন দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে সিটি করপোরেশনের পক্ষ থেকে সেখানে পরিচ্ছন্নতাকর্মীও নিয়োগ দেওয়া হবে।
উদ্বোধন শেষে টিএসসি থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা শুরু হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন উপস্থিত ছিলেন।
এদিকে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে রাজধানীর মুগদায় জনসচেতনতামূলক সমাবেশ করেছে ডিএসসিসি।
এতে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন।
পরে তারা মান্ডা খাল পরিদর্শন এবং একটি স্কুলে বৃক্ষরোপণ করেন।
এছাড়া ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডেই একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালানো হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
