এফবিসিসিআই-সাউথইস্ট ইউনিভার্সিটি এমওইউ
বিশ্ববিদ্যালয়টি বলছে, এর ফলে শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত ও কর্মজীবনের সুযোগ আরও প্রসারিত হবে।
গবেষণার ক্ষেত্রে শিক্ষাবিদ ও পেশাজীবীদের মধ্যে সহযোগিতা বাড়াতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ)।
গত বুধবার ঢাকার মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে সাউথইস্ট ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এফবিসিসিআইয়ের পক্ষে ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. বিকর্ণ কুমার ঘোষ এবং এসইইউয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
বিশ্ববিদ্যালয়টি বলছে, এই চুক্তির প্রধান উদ্দেশ্য উদ্যোক্তা, উদ্ভাবন এবং অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি অত্যাধুনিক গবেষণার মাধ্যমে শিক্ষাবিদ ও পেশাজীবীদের মধ্যে সহযোগিতা বাড়ানো।
এর ফলে এসইইউ শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত ও কর্মজীবনের সুযোগ আরও প্রসারিত হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে।
সাউথইস্ট ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের পরিচালক ফারহানা ফেরদৌসী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রুবা রুম্মানা, বিসিপিআরের উপ-পরিচালক মো. আবুল হাশেম রনি এবং বিবিএ প্রোগ্রামের প্রভাষক সৈয়দা খাদিজা আক্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
