Published : 26 Jun 2025, 01:55 AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের চারতলার ছাদ থেকে ’লাফ দিয়ে’ এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাত সোয়া ১১টার দিকে ওই হলের প্রথম ব্লকে এ ঘটনা ঘটে।
সাদ আহমেদ নামেও ওই শিক্ষার্থী প্রেমঘটিত কারণে 'আত্মহত্যা'র চেষ্টা করেছেন বলে ধারণা তার সহপাঠী ও প্রত্যক্ষদর্শীদের।
আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাদ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, ঘটনা শোনামাত্র অ্যাম্বুলেন্স পাঠিয়ে ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পায়ে ও বুকে গুরুতর পেয়েছেন বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন।
”বেশ কিছু পরীক্ষা দেওয়া হয়েছে, রিপোর্ট পেলে তার শারীরিক অবস্থার প্রকৃত চিত্র বোঝা যাবে।”
প্রত্যক্ষদর্শী ও হলের আবাসিক শিক্ষার্থীরা বলেন, হঠাৎ শব্দ শুনে তারা কক্ষ থেকে বেরিয়ে হলের সামনের দিকে ছুটে যান। সেখানে সাদকে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।
তারা বলেন, ঘটনার আগে আহত শিক্ষার্থী ফেইসবুকে প্রেমঘটিত হতাশা প্রকাশ করে একাধিক পোস্ট দেন। এসব কারণেই তিনি আত্মহত্যার চেষ্টায় এমন ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা করছেন তার সহপাঠীরা।
সাগর চন্দ্র দাস নামের ওই হলের এক প্রত্যক্ষদর্শী বলেন, “রুমে পড়ছিলাম। হঠাৎ ছাদ থেকে চিৎকার দিয়ে একজনের পড়ার শব্দ পাই। এসে দেখি তার পা দুটি মাটির গভীরে চলে গেছে। ব্যথায় কাতরাতে কাতরাতে সে তার পা কেটে ফেলতে বলছিল। পরে আমরা অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে পাঠাই।”