Published : 03 Aug 2026, 08:48 PM
সবুজ ও পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫০০ গাছের চারা রোপণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এসব চারা সরবরাহ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি।
সোমবার বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছেন, তা সফল করতে সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বিগত সরকারগুলোর পরিবেশবিরোধী নীতির কারণে আজকের এই বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”
সালাম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা মহানগরীর যেখানেই খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই গাছ লাগাতে হবে। কারণ টেকসই পরিবেশের জন্য সবুজায়নের কোনো বিকল্প নেই।”
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার হতাশাজনক অবস্থানের কথা তুলে ধরে প্রশাসক বলেন, পরিবেশ ও বায়ুদূষণের কারণে মানুষ প্রতিনিয়ত নানা ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সম্মিলিত প্রয়াস প্রয়োজন।
“দেশের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগায়, তবে একদিনেই কোটি কোটি গাছ রোপণ সম্ভব; যা বিশ্বের বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।”
নগরবাসীর কল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নগরবাসীর যে কোনো জনকল্যাণমূলক উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সর্বদা পাশে থাকবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন।
এছাড়া ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।