২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ফল সেমিস্টারের নবীনদের বরণ করল বিইউএফটি

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ হিল রাকিব অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়

ফল সেমিস্টারের নবীনদের বরণ করল বিইউএফটি
বিইউএফটিতে অনুষ্ঠিত হলো ‘ফল ২০২৬’ সেমিস্টারের নবীনবরণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 10:00 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

ভবিষ্যতের ফ্যাশন, টেক্সটাইল, ব্যবসা ও প্রযুক্তি খাতের পরিবর্তিত চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়ে ফল সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ হিল রাকিব অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়। স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা তাতে অংশ নেন।

বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসাইন।

বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির, স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, বিপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার এবং মার্কস অ্যান্ড স্পেনসারের সাবেক আঞ্চলিক প্রধান স্বপ্না ভৌমিক অনুষ্ঠানে বক্তব্য দেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, একাডেমিক জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব ও নৈতিক মূল্যবোধের দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। 

অন্যদের মধ্যে বিইউএফটি উপাচার্য অধ্যাপক প্রকৌশলী আইয়ুব নবী খান, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ এবং শিক্ষার্থী কল্যাণ পরিচালক অধ্যাপক মো. অলীউল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বর্তমান ও নবাগত শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরেন। এছাড়া শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করতে স্নোটেক্স গ্রুপের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের ডিন কার্যালয়, শিক্ষার্থী কল্যাণ বিভাগ, পরীক্ষা বিভাগ, আইটি ও লাইব্রেরিসহ বিভিন্ন প্রশাসনিক সেবা পরিচিতি নিয়ে এক কারিগরি সেশন অনুষ্ঠিত হয়।