Published : 19 Oct 2025, 10:59 AM
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) আয়োজনে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি-ব্যবসা-প্রযুক্তি বিষয়ক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিকস, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট—আইসিইবিটিএম ২০২৫’।
ঢাকার ওয়েস্টিন হোটেলে আগামী ১৪ ও ১৫ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য 'সাসটেইনেবিলিটি ফোকাসড ইন্ড্রাস্ট্রি ট্রেন্ডস ইন গ্লোবাল রিসার্চ'।
আইইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রোপ্রনারশিপের (এসবিই) উদ্যোগে অনুষ্ঠেয় এ আয়োজনে অংশ নেবেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের অর্থনীতি, ব্যবসা ও প্রযুক্তি খাতের গবেষক, শিক্ষাবিদ ও শিল্পনেতারা। তাদের মধ্যে আছেন—যুক্তরাজ্যের অধ্যাপক জোনাথন লিউ, মালয়েশিযার অধ্যাপক রাজাহ রাসিয়াহ ও মানিয়াম কালিয়ানান (মালয়েশিয়া), ব্র্যাকের চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের আহমাদ আহসান।
শিল্পখাতের আলোচনায় অংশ নেবেন যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের ডেরেক ওয়েস্টফল, যুক্তরাজ্যের বেন বেভফেপফে, বাংলাদেশের এপেক্স গ্রুপের সৈয়দ নাসিম মঞ্জুর, আব্দুল মোনেম লিমিটেডের এ এস এম মহিউদ্দিন মোনেম, নিউ এশিয়া লিমিটেডের এ মতিন চৌধুরী, ঢাকা ব্যাংকের আব্দুল হাই সরকার এবং রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের নিয়াজ রহিম।
সম্মেলনে অর্থনীতি, উদ্যোগ উন্নয়ন, গ্রিন বিজনেস, মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রযুক্তি ব্যবস্থাপনা ও ইন্ডাস্ট্রি ৪.০ সম্পর্কিত নানা সেশন থাকবে বলে জানিয়েছে আইইউবি।
এ আয়োজনে সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন, ইউনিভার্সিটি অব মালায়া, ইউনিভার্সিটি অব নটিংহ্যাম মালয়েশিয়া, ইউনিভার্সিটি তুন আব্দুল রাজাক, পলিটেকনিক ইউনিভার্সিটি অব দা ফিলিপিন্স, সিনাওয়াত্রা ইউনিভার্সিটি, টিআইআইকেএম এবং দি অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল কোলাবোরেটিভ রিসার্চ অর্গানাইজেশন। কর্পোরেট অংশীদার হিসেবে যুক্ত রয়েছে এপেক্স, গার্ডিয়ান লাইফ, ঢাকা ব্যাংক, রহিম আফরোজ, এসিআই, ব্র্যান্ড ফোরাম এবং দা ওয়েস্টিন ঢাকা।
সম্মেলনে অংশগ্রহণের জন্য ওয়েবসাইটে https://icebtm.iub.edu.bd গিয়ে নিবন্ধন সারতে হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।