Published : 30 Jul 2026, 12:21 AM
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা, সমাবেশে নিষেধাজ্ঞা ও পুলিশের বাধার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে দলটির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি।
বুধবার রাত সাড়ে ৮টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র-টিএসসির পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনের নেতারা।
মিছিলটি টিএসসি থেকে শুরু করে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মঙ্গলবার পদযাত্রা কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হবিগঞ্জ শহরে হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। এতে বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনা নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে টান টান উত্তেজনার মধ্যে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
এদিন এনসিপি তাদের পূর্বঘোষিত মৌলভীবাজার জেলায় দুটি ‘জুলাই পদযাত্রা’ সাময়িক স্থগিত করে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। অন্যদিকে জেলা ছাত্রদল ও বিএনপির পৃথক কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে শহরে নতুন করে উত্তেজনা দেখা দেয়।
সড়কে চার ঘণ্টা অপেক্ষা করেও পুলিশি বাধার কারণে হবিগঞ্জে প্রবেশ করতে পারেননি এনসিপির নেতাকর্মীরা। পরে হামলার ঘটনায় মামলার অভিযোগ দিয়ে তারা ফের মৌলভীবাজারে চলে যান।
হামলায় অংশ জড়িত সকলকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয় জাতীয় ছাত্রশক্তির সামবেশে।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, “তারেক রহমান নির্বাচনের আগে বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান’। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনের পরে এই পাঁচ মাসে তারেক রহমান যে প্ল্যানগুলো জনগণকে দেখাচ্ছেন, তার মধ্যে প্রধানতম হচ্ছে কীভাবে মানুষের বাকরুদ্ধ করা যায়। আমরা দেখেছি কীভাবে সভা-সমাবেশে হামলা করা যায়।”
সমাবেশে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, “আমরা দেখতে পেলাম তারেক রহমানের যে হাসিনা হওয়ার প্রবণতা, তার আরেকটা রূপ আজকে আমরা দেখলাম। আমরা দেখলাম, ভিন্নমতকে দমানোর জন্য হাসিনার মতো কায়দা করে আজকে ট্রাক দিয়ে তারা এনসিপির সমাবেশ, এনসিপির বিক্ষোভ মিছিল আটকানোর চেষ্টা করেছে।”