সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে 'আন্তর্জাতিক নারী দিবস' উদযাপন
উপাচার্য অধ্যাপক পারভিন হাসান বলেন, “একটা পরিবারে স্বামী-স্ত্রী উভয়ের সিদ্ধান্তেরই গুরুত্ব দিতে হবে। সমস্যা হলে সেটা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।”
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে 'আন্তর্জাতিক নারী দিবস' উদযাপিত হয়েছে চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ও মুভি ক্লাবের আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে 'মিসেস' চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়।
প্রদর্শনী শেষে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা চলচ্চিত্রটি নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেন।
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক পারভিন হাসান নারীদের সাবলম্বী হয়ে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়ে বলেন, “এই চলচ্চিত্রটি আমাদের সমাজের নারীদেরই প্রতিচ্ছবি। নারীদের অবস্থা উন্নতি হলেও এখনও নারীরা নিজের ইচ্ছা বা পছন্দের বিষয়কে প্রাধান্য দেয় না। পরিবার সমাজের জন্য তারা মুখ বুজে সবকিছু সহ্য করে।
“এভাবে একটা মেয়ে ভেতরে ভেতরে মারা যায়। কিন্তু একটা পরিবারে স্বামী-স্ত্রী উভয়ের সিদ্ধান্তেরই গুরুত্ব দিতে হবে। সমস্যা হলে সেটা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।”
সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতা বদলানোর জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পুরো আয়োজনের তত্ত্বাবধায়নে ছিলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক এবং মিডিয়া ও মুভি ক্লাবের মডারেটর হাসিনুস্ সাবাহ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, ট্রেজারার আহমেদ আবদুল্লাহ জামাল এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আয়োজনে উপস্থিত ছিলেন।
