Published : 11 Oct 2025, 12:52 PM
ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে সোমবার ‘লং মার্চ’ কর্মসূচির ডাক দিয়েছেন কলেজগুলোর শিক্ষার্থীরা।
সেদিন নিজ নিজ ক্যাম্পাস থেকে শিক্ষা ভবনের দিকে এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনে থাকা আবির মাহমুদ রবিন।
ঢাকা কলেজের এ শিক্ষার্থী শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নিজ নিজ ক্যাম্পাস থেকে লং মার্চ করে শিক্ষা ভবনের দিকে যাব। কাছাকাছি কলেজগুলোর শিক্ষার্থীরা একসাথেও বড় মিছিল নিয়ে আসতে পারবেন।"
সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজগুলোর অধিভুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় বাতিল করার পর আলাদা একটি বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা পদ্ধতি তুলে ধরে এ বিশ্ববিদ্যালয় আইন বা অধ্যাদেশের খসড়া গত ২৪ সেপ্টেম্বর প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।
সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি মো. নাইম হাওলাদার শনিবার গণমাধ্যমে পাঠানো এক লিখিত বার্তায় বলেন, “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ এর খসড়া নিয়ে পক্ষে বিপক্ষে নানা তর্ক বিতর্ক হয়েছে! কিন্তু আমাদের লক্ষ্য এখন শুধুই অধ্যাদেশ! গত ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় আইনের খসড়ার বিষয়ে সকল অংশীজনের মতামত নিয়েছেন। কিন্তু আমরা বিগত দিনগুলোতে লক্ষ্য করেছি যে, দ্রুত সমাধানের নাম করে বিশ্ববিদ্যালয় গঠন ইস্যুতে যেকোনো সিদ্ধান্ত নিতে কর্তৃপক্ষের তীব্র কালক্ষেপণ হয়েছে!
“আমরা আর কোনো কালক্ষেপণে যেতে চাই না। বিশ্ববিদ্যালয় যে মডেলেই হোক না কেন, সকলে যে মতামত দিয়েছে তারই প্রেক্ষিতে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ দিতে হবে এবং অধ্যাদেশ জারি কত দ্রুত হবে বা কবে হবে সেটা জানার জন্য আগামী সোমবার সকাল ১০ দশটায় আব্দুল গণি ও কলেজ রোড সংলগ্ন শিক্ষা ভবন অভিমুখে শান্তিপূর্ণ উপায়ে পদযাত্রার কর্মসূচি আয়োজন করবো।”