নবীনদের বরণ করে তাদের বেড়ে ওঠার গল্প শুনতে চাইল ইউল্যাব
উপাচার্য বলেন, শিক্ষার্থীরা বকুলের বীজগুলো নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করবেন, নিয়মিত পরিচর্যা করবেন এবং সময়ের সঙ্গে এর বেড়ে ওঠা প্রত্যক্ষ করবেন।
বরনের আয়োজনে ফুল নয়, প্রতিজন শিক্ষার্থী পেল বকুল ফুলের বীজ; সেই বীজ থেকে বেড়ে ওঠা গাছের সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের পথচলার গল্পও শুনতে চাইল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
বৃহস্পতিবার ফল ২০২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে এমন অভিনব উপহার তুলে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়টি।
ইউল্যাব জানিয়েছে, ওরিয়েন্টেশনের বিশেষ আকর্ষণ হিসেবে নবীন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া বকুল ফুলের বীজসমৃদ্ধ ‘সিড বক্সের’ সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা।
তিনি বলেছেন, ইউল্যাবের এই উদ্যোগে একটি বকুল গাছের বেড়ে ওঠার সঙ্গে একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় জীবনের পথচলাকে পাশাপাশি দেখার একটি সুন্দর ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা বকুলের বীজগুলো নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করবেন, নিয়মিত পরিচর্যা করবেন এবং সময়ের সঙ্গে এর বেড়ে ওঠা প্রত্যক্ষ করবেন।
উপাচার্য বলেন, একইসঙ্গে তারা ইউল্যাবে নিজেদের পরিবর্তন, অভিজ্ঞতা ও বিকাশের গল্পও ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। এ উদ্দেশ্যে ইউল্যাবের ওয়েবসাইটে একটি বিশেষ পেজ রাখা হয়েছে। এই জায়গাতেই সিড বক্স উদ্যোগটি বিশেষ হয়ে ওঠে; কারণ এটি শুধুমাত্র একটি উপহার নয়, বরং টেকসই ভবিষ্যতের প্রতি একটি বার্তা।
ইউল্যাব বলছে, সংগীত, আনন্দ আর উৎসবের মধ্যেও শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক এবং পরিবেশের প্রতি দায়িত্বের কথা মনে করিয়ে দেয় এই উদ্যোগ। একটি বীজ যেমন একটি ভবিষ্যৎ গাছের সম্ভাবনা ধারণ করে, তেমনই নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও দেশের সম্ভাবনা বহন করে।
ইউল্যাব সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় ইউল্যাব থিম সংয়ের বেড়িবাঁধ এলাকার নতুন ক্যাম্পাসে ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়।
নবীনদের এই নতুন যাত্রায় শুভেচ্ছা জানাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় সিঙ্গাপুরে শার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বিশ্ববিদ্যালয় জীবনের সুযোগগুলো সর্বোচ্চ কাজে লাগানোর আহ্বান জানান।
শ্রেণিকক্ষের বাইরেও শেখার সুযোগ কাজে লাগানো, সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ এবং ভবিষ্যতে সমাজে অর্থবহ অবদান রাখার জন্য নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ফল ২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে মারভিয়া ফাতেমা ভূমি ইউল্যাবে নিজের নতুন যাত্রা, অনুভূতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নতুন ক্যাম্পাসে প্রথম পা রাখার উত্তেজনা, সামনে অপেক্ষা করা অজানা অভিজ্ঞতার কৌতূহল এবং ভবিষ্যৎ নিয়ে তরুণদের স্বপ্ন ও পরিকল্পনা উঠে আসে তার কথায়।
নবীনদের সামনে ভবিষ্যতের একটি সম্ভাব্য ছবিও তুলে ধরেন ইউল্যাবের সাবেক শিক্ষার্থী, বিওয়াইডি বাংলাদেশের ব্র্যান্ড স্ট্র্যাটেজি অ্যান্ড ডিজিটাল ম্যানেজার শেখ শাহনুমা শারমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, ট্রাস্টি বোর্ডের বিশেষ উপদেষ্টা ও কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য।
ইমন চৌধুরী অ্যান্ড বেঙ্গল সিম্ফনির বিশেষ সঙ্গীত পরিবেশনায় বিকেলের ক্যাম্পাস আরও প্রাণবন্ত হয়ে ওঠার কথাও জানিয়েছে ইউল্যাব।
