১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের প্রথম নির্বাচন ২২ ডিসেম্বর

ডোপ টেস্টের পর চূড়ান্ত করা হবে প্রার্থী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 04:18 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো শিক্ষার্থী সংসদ পেতে যাচ্ছে দুই দশক বয়সী বিশ্ববিদ্যালয়টি।

বুধবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

সেই অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৬ নভেম্বর। খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ তারিখ ১১ নভেম্বর। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর।

নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৩, ১৬ ও ১৭ নভেম্বর। মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৭ ও ১৮ নভেম্বর। এরপর ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ২৩ নভেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী, প্রাথমিক প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে ২৪ থেকে ২৬ নভেম্বর। প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ২৭ ও ৩০ নভেম্বর। এরপর প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩ ডিসেম্বর।

তারপর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন ৪, ৭ ও ৮ ডিসেম্বর। যারা মনোনয়ন প্রত্যাহার করবেন, তাদের তালিকা ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে। আর সেদিন থেকেই যোগ্য প্রার্থীরা নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন। ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রচারণা শেষে ভোটগ্রহণ হবে ২২ ডিসেম্বর।

বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় শিক্ষক লাউঞ্জে তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

২০০৫ সালে কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কিন্তু ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫’ এ ছাত্র সংসদ সম্পর্কিত কোনো ধারা না থাকায় প্রতিষ্ঠার পর একবারও জকসু নির্বাচন হয়নি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহুবার নির্বাচন দাবি করলেও ‘আইনি জটিলতার’ কারণে তা আয়োজন করা যায়নি। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে গত ২৮ অক্টোবর জকসু নীতিমালা প্রণয়ন করা হয়।

বিশ্ববিদ্যালয়ে রূপ পাওয়ার আগে জগন্নাথ কলেজ থাকাকালে মোট ১৪ বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে।