১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউআইইউতে ‘বিইএআর সামিট’

সম্মেলনে শিক্ষার্থীরা খ্যাতনামা গবেষক, শিক্ষাবিদ, শিল্প উদ্যোক্তা ও উদ্ভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 09:28 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘এক্সটেন্ডেড বিইএআর সামিট ২০২৬’ আয়োজন করা হয়েছে। 

রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুক্রবার এ সম্মেলনে ইউআইইউর শিক্ষার্থীরা খ্যাতনামা গবেষক, শিক্ষাবিদ, শিল্প উদ্যোক্তা ও উদ্ভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

বিশ্ববিদ্যালয়টির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬’ এর পূর্ব আয়োজন হিসাবে আইইইই স্টুডেন্ট শাখার সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে বায়োটেকনোলজি, ইলেকট্রনিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে পারডু ইউনিভার্সিটির অধ্যাপক ও সিলিকন রিভার বিইএআর এর চিফ আর্কিটেক্ট মুহাম্মদ মোস্তফা হোসেন, টেক্সাস ইন্সট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার ড. আহমেদ বাহাই এবং পারডু ইউনিভার্সিটি অনলাইনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রি পেরৌলিস আলোচনা করেন।

এছাড়া ভিয়েতনাম সেমিকন্ডাক্টর প্রফেশনাল অ্যাসোসিয়েশনের (ভিএসপিএ) চেয়ারম্যান বিচ-ইয়েন থি ট্রান এবং সানডিস্কের ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার জয়াভেল পাচামুথু সেমিকন্ডাক্টর উদ্ভাবন, প্রযুক্তিগত নেতৃত্ব এবং ভবিষ্যতের মেমোরি প্রযুক্তি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে ইউআইইউর উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া, বিশ্ববিদ্যালয়ের আইএআর এর নির্বাহী পরিচালক অধ্যাপক ইমেরিটাস এম রিজওয়ান খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, গবেষক এবং দেশি-বিদেশি অতিথিরা অংশ নেন।