০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজায় ভারতে যাচ্ছে আড়াই হাজার টন ইলিশ

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানি করতে পারবে অনুমোদন পাওয়া ৪৯ প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 11:50 PM

Updated : 04 Sep 2022, 11:59 PM

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে দুই হাজার ৪৫০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখা থেকে এ বিষয়ে নির্বাচিত রপ্তানিকারকদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে ৪৯টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। প্রতিটি রপ্তানিকারক প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫০ টন করে ইলিশ রপ্তানির শর্ত সাপেক্ষে অনুমোদন পেয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে।

অনুমোদনের চিঠিতে বলা হয়, সরকার মৎস্য আহরণ ও পরিবহনের ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে রপ্তানির এ অনুমতির মেয়াদ শেষ হবে।

আবার সরকার প্রয়োজন মনে করলে রপ্তানির এই আদেশ যেকোনো সময় বন্ধও করতে পারবে বলে অনুমোদনের শর্তে বলা হয়েছে।

আগামী ১ অক্টোবর থেকে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে।