১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অনলাইন ট্রাভেল এজেন্সি ব্যবসায় নীতিমালার দাবি

নিবন্ধনবিহীন ভুয়া এজেন্সিগুলোর অবৈধভাবে ব্যবসা, এয়ার টিকেট ও ভ্রমণ সংক্রান্ত সেবা বিক্রি বন্ধের দাবিও করেছে তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2024, 07:36 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

অনলাইন ট্রাভেল এজেন্সি বা ওটিএ ব্যবসা পরিচালনার যথাযথ নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাব। 

শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলন করে এটিসহ মোট ৯টি দাবি তুলে ধরে সংগঠনটি।

দাবির মধ্যে আরও আছে, এয়ার টিকেটের মজুতদারি ও সিন্ডিকেট বন্ধ করে গ্রুপ টিকেটিং এর নীতিমালা বা নির্দেশনা প্রদান; টিকেটের গায়ে এজেন্সির নাম, যোগাযোগের ফোন নম্বর, টিকেটের মূল্য উল্লেখ বাধ্যতামূলক করা। 

নিবন্ধনবিহীন ভুয়া এজেন্সিগুলোর অবৈধভাবে ব্যবসা, এয়ার টিকেট ও ভ্রমণ সংক্রান্ত সেবা বিক্রি বন্ধের দাবিও করেছে তারা। 

বিদেশি ওয়েবসাইট বা এপিআইগুলো যেন বাংলাদেশে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করতে না পারে সেজন্য বিদেশি ওয়েবসাইট বা এপিআই ব্লক করারও দাবিও তোলা হয়েছে।

জরুরিভাবে অর্থ পাচার বন্ধ করার কথাও বলছে তারা।

তৃতীয় দেশ অর্থাৎ যাত্রা ও গন্তব্যের দেশ ছাড়া অন্য কেন দেশ থেকে বিক্রয় করা কৃত টিকেটের যাত্রী বাংলাদেশ বিমান বন্দরে অনবোর্ড করা বন্ধ করার দাবিও তুলেছে সংগঠনটি। এর ফলে তৃতীয় দেশ থেকে টিকেট বিক্রয় ও অর্থ পাচার বন্ধ হবে বলে আটাবের বিশ্বাস। 

এয়ার টিকেট বিক্রি করে অগ্রিম অর্থ সংগ্রহের বিপরীতে ইনসেনটিভ প্রদান বন্ধ করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।

ট্রাভেল এজেন্সি যেন এয়ারলাইন্সের মূল্যের চেয়ে কম মূল্যে টিকেটের ভাড়া প্রদর্শন, বিজ্ঞাপন, বিক্রয় ও বিপণন করতে না পারে সে ব্যাপারেও মন্ত্রণালয়ের দিক নির্দেশনা চায় তারা।