১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা জেলার হোল্ডিং ট্যাক্স দেওয়া যাবে বিকাশে

বিকাশ অ্যাপে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে রশিদও ডাউনলোড করে নেওয়া যাবে সহজেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2024, 09:46 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

ঢাকা জেলার ৬২টি ইউনিয়নের নাগরিকরা এখন তাদের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারব্নে মোবাইলে আর্থিক সেবা কোম্পানি বিকাশের মাধ্যমে।

ট্যাক্স পরিশোধের পর নাগরিকরা রশিদও ডাউনলোড করে নিতে পারবেন বলে রোববার বিকাশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এজন্য বিকাশ অ্যাপের পে বিল অপশন থেকে ‘সরকারি ফি’ অপশনে গিয়ে ‘ইউনিয়ন পরিষদ ফি ঢাকা জেলা’ সিলেক্ট করতে হবে। পরের ধাপে ‘সিটিজেন ইউনিক আইডি’ দিলেই চলতি ও বকেয়া ট্যাক্সের তথ্য দেখাবে। এরপর টাকার পরিমাণ বসিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর দিয়ে ট্যাক্স পরিশোধ করা যাবে।

বিকাশ জানিয়েছে, ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্প্রতি ঢাকা জেলার ৬২ ইউনিয়ন পরিষদের জন্য এই কার্যক্রমসহ ‘ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম’ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, স্থানীয় সরকার সচিব আবু হেনা মোরশেদ জামান, ঢাকা-২০ আসনের এমপি বেনজীর আহমদ, সংরক্ষিত এমপি শেখ আনার কলি পুতুল, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ও ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।