২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘রেইনবো’ অ্যাপে নতুন পরিষেবার ঘোষণা মার্কেন্টাইল ব্যাংকের

রোববার মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘এমবিএল রেইনবো অ্যাপে’র নতুন সেবাগুলো উদ্বোধন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2025, 08:13 PM

Updated : 26 Aug 2026, 11:50 AM

গ্রাহকদের ‘উন্নত ও ক্যাশলেস’ ব্যাংকিং সেবা দিতে মার্কেন্টাইল ব্যাংক তাদের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘এমবিএল রেইনবো’ অ্যাপে আরও নতুন পরিষেবার ঘোষণা দিয়েছে।

রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ‘এমবিএল রেইনবো অ্যাপে’র নতুন সেবাগুলো উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গুগল প্লে ও অ্যাপল স্টোর থেকে ‘এমবিএল রেইনবো’ অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে জানিয়ে মতিউল হাসান বলেন, গ্রাহকরা ঘরে বসেই ‘এমবিএল রেইনবো’ অ্যাপ থেকে জাতীয় পরিচয়পত্র দিয়ে তাৎক্ষণিকভাবে মার্কেন্টাইল ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

‘এমবিএল রেইনবো’ অ্যাপে আরটিজিএস, এনপিএসবি দিয়ে তাৎক্ষণিকভাবে এবং বিইএফটিএনের মাধ্যমে অন্য ব্যাংকে তহবিল স্থানান্তর ও মোবাইল ফাইন্যাসিয়াল সার্ভিস বিকাশ, নগদেও তহবিল স্থানান্তর করতে পারবেন গ্রাহকরা।

এছাড়া অ্যাকাউন্টের ব্যালেন্স যাচাই, মিনি স্টেটমেন্ট, কার্ডের বিল প্রদান, মোবাইল রিচার্জ, কিউআর কোড ব্যবহার করে শাখা থেকে নগদ উত্তোলন, বাংলা কিউআর কোডের মাধ্যমে ই-কমার্স ও কেনাকাটার অর্থ প্রদানের সুযোগ থাকছে অ্যাপটির নতুন পরিষেবায়।

পাশাপাশি ট্যাক্স, পাসপোর্ট ফি, ইউটিলিটি বিল, (ডেসকো, ডিপিডিসি, নেসকো, ডব্লিউপিডিসিএল, জালালাবাদ গ্যাস, ঢাকা ও খুলনা ওয়াসা) বীমার প্রিমিয়াম, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, ভিসা ও এমএফএস থেকে অ্যাড মানিসহ বিভিন্ন সেবাও গ্রাহকরা নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা, মো. জাহিদ হোসেন, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ্ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান, শাখা প্রধান মো. আব্দুল হালিম, ইভিপি ও হেড অব আইটি মুহাম্মাদ মাহমুদ হাসান, এসভিপি মো. কামরুল হোসাইন এবং হেড অব কার্ডস ও এসভিপি মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।