০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা-দিল্লি ফ্লাইট বাড়াচ্ছে এয়ার ইনডিয়া, চলবে প্রতিদিন

চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময় থেকে এই রুটে ফ্লাইট কমিয়ে সপ্তাহে চার দিন চালাচ্ছিল এয়ার ইনডিয়া।

ঢাকা-দিল্লি ফ্লাইট বাড়াচ্ছে এয়ার ইনডিয়া, চলবে প্রতিদিন
ভিডিও থেকে নেওয়া ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2026, 09:20 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

বাংলাদেশিদের জন্য ভারত আবার ভিসা দেওয়া শুরু করায় এবং বিশ্ব বাজারে জেট ফুয়েলের দাম কমে আসায় ঢাকা-দিল্লি রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে এয়ার ইনডিয়া।

ভারতের এ উড়োজাহাজ সেবার কোম্পানি জানিয়েছে, নতুন সূচি অনুযায়ী, ২৯ জুলাই থেকে প্রতিদিন ঢাকা-দিল্লি রুটে দ্বিমুখী ফ্লাইট চলবে। 

চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময় থেকে এই রুটে ফ্লাইট কমিয়ে সপ্তাহে চার দিন চালাচ্ছিল এয়ার ইনডিয়া।

নতুন সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১১টা ১০ মিনিটে দিল্লি থেকে ঢাকায় পথে ছেড়ে আসবে এয়ার ইনডিয়ার ফ্লাইট। আর ঢাকা থেকে ফিরতি ফ্লাইট যাবে বিকাল ৩টা ১০ মিনিটে।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রেক্ষাপটে আকাশপথে বিধিনিষেধ এবং জেট ফুয়েলের রেকর্ড দামের কথা তুলে ধরে ১৩ মে দিল্লি-ঢাকাসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমিয়ে আনার ঘোষণা দেয় এয়ার ইনডিয়া।

সে সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন থেকে অগাস্ট সময়ের জন্য ফ্লাইট ‘র‌্যাশনালাইজেশনের’ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি-ঢাকা রুটের ফ্লাইট সপ্তাহে সাত দিন থেকে কমিয়ে চার দিন করা হচ্ছে। 

আর মুম্বাই-ঢাকা ফ্লাইট অগাস্ট পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকার কথাও তখন জানায় তারা। 

এয়ার ইনডিয়ার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জুন থেকে জুলাই পর্যন্ত রবি, বুধ, বৃহস্পতি এবং শুক্রবার দিল্লি-ঢাকা ও ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট চালিয়েছে তারা। 

২০২৪ সালের জুলাই-অগাস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ঢাকায় ভারতের ভিসার স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়া যায়। তাতে আকাশ পথে দুই দেশের যোগাযোগও কিছুটা কমে আসে।

তবে ঢাকা-দিল্লি এবং ঢাকা-মুম্বাই রুটে এয়ার ইনডিয়ার কার্যক্রম তখনো মোটামুটি স্বাভাবিক ছিল। কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে তাতে ছেদ পড়ে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য আবার সব ধরনের ভিসা দিতে শুরু করেছে ভারত।

স্বাভাবিক ভিসা কার্যক্রম বন্ধ থাকার সময়ে মেডিকেল ও এন্ট্রি বিভাগে দেড় হাজারের মত ভিসা দিত দেশটি। পর্যটনসহ সব ভিসা চালুর পর এখন মানুষের যাতায়াতও বাড়ছে। 

এর মধ্যে ঢাকা-দিল্লি রুটে আগের মতো প্রতিদিন ফ্লাইট চালানোর ঘোষণা দিলেও ঢাকা-মুম্বাই রুটে ফ্লাইট চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি এয়ার ইনডিয়া।