সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে তিন দিনে ৩৭ হাজার আবেদন
তারা মোট দুই হাজার ৩০০ কোটি টাকার আমানত তুলতে চেয়েছেন।
দুর্দশায় পড়া পাঁচ ব্যাংক মিলে একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি থেকে নিজেদের জমা রাখা টাকা তুলতে তিন দিনে ৩৭ হাজার গ্রাহক আবেদন করেছেন। তারা মোট দুই হাজার ৩০০ কোটি টাকার আমানত তুলতে চেয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক নির্দেশনা মেনে দেশের সব শাখা ও উপশাখায় এ আবেদন গ্রহণ করছে ব্যাংকটি। ৭ সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে এ আবেদন।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৩৭ হাজার আবেদন জমা পড়েছে। বুধবার জমা পড়েছিল ১৯ হাজার আবেদন। এসব গ্রাহক মোট ২ হাজার ৩০০ কোটি টাকার মত তুলতে চেয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে ব্যক্তি পর্যায়ের চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে আমানতকারীদের মূল অর্থ উত্তোলনের সুযোগ দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। কোনো গ্রাহক তাদের আমানতের পুরোটা একেবারে তুলে নিয়ে চাইলে তাকে সে সুযোগ দেওয়া হবে। তবে তিনি তার জমা রাখা টাকার ওপর যে সুদ জমেছে তা পাবেন না।
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি বলেন, আবেদনগুলো যাচাই-বাছাই শেষে ৭ সেপ্টেম্বরের পর থেকে অর্থ ফেরত শুরু করা হবে।
গত ২০ জুলাই কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের পর শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পুরো দায়িত্ব বুঝে নেয় সম্মিলিত ইসলামী ব্যাংক। গত অগাস্টে পুরো নিয়ন্ত্রণ পাওয়ার পর সম্মিলিত ইসলামী ব্যাংকের পথচলা শুরু হয়।
সারাদেশে থাকা পাঁচ ব্যাংকের মোট ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট ও ৯৭৫টি এটিএম বুথ এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের।
৩৫ হাজার কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে যাত্রা করা নতুন এ ব্যাংকে সরকার ইতোমধ্যে ২০ হাজার কোটি টাকা মূলধন সহায়তা দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৬৫ হাজার ৭৭৯ কোটি টাকা, খেলাপির হার ৮৪ দশমিক ২২ শতাংশ।
