১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কেএসআরএমের সহস্র কর্মী সর্বজনীন পেনশনের আওতায়

প্রথম কিস্তির টাকা পরিশোধ করবে কেএসআরএম কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 01:51 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় পেনশন স্কিমের আওতায় আনার কথা জানিয়েছে ইস্পাত প্রস্তুতকারী কোম্পানি কেএসআরএম।

এ উপলক্ষে শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম স্টিল প্ল্যান্টে এক অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলামের প্রস্তাবে সম্মত হয়ে কেএসআরএমের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত এ উদ্যোগ নিয়েছেন।

করপোরেট সোস্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) অংশ হিসেবে কর্মকর্তা-কর্মকারীদের জাতীয় পেনশন স্কিমের প্রথম কিস্তির টাকা পরিশোধ করবে কেএসআরএম কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীতাকুণ্ড কেএসআরএম স্টিল প্ল্যান্টের প্রায় ১ হাজার কর্মকর্তা-কর্মচারী জাতীয় পেনশন স্কিমের আওতায় এসেছে। অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা পর্যায়ক্রমে এ কার্যক্রমের আওতায় আসবে। 

কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত বলেন, “আমরা সরকারের যেকোনো জনবান্ধব কর্মকাণ্ডে সহযোগী হিসেবে কাজ করে থাকি। প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় পেনশন স্কিম সরকারের জনহিতকর কাজের মধ্যে অন্যতম। তাই প্রধানমন্ত্রীর আহ্বানে শিল্পগ্রুপ হিসেবে কেএসআরএম সেই অগ্রযাত্রার সারথি হয়েছে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের ইউএনও কেএম রফিকুল ইসলাম, কেএসআরএম পরিচালক (প্ল্যান্ট) এম এস কবির, উপ মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) ওয়াহিদুজ্জামান ও সংবাদমাধ্যম উপদেষ্টা মিজানুল ইসলাম।