১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক লাগবে না

এতদিন এসব বাস আমদানিতে ৬১ দশমিক ৮ শতাংশ বিভিন্ন ধরনের শুল্ক ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 09:12 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিয়েছে সরকার।

এতদিন এসব বাস আমদানিতে ৬১ দশমিক ৮ শতাংশ বিভিন্ন ধরনের শুল্ক-কর ছিল।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব বাস আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূল্য সংযোজন কর-ভ্যাট, সম্পূরক শুল্ক, আগাম কর ও অগ্রিম আয়করসহ সমূদয় শুল্ক-করাদি অব্যাহতি দেওয়া হল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, শিক্ষাপ্রতিষ্ঠান নিজে বৈদ্যুতিক বাস আমদানি করলে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে অন্য কেউ শিক্ষার্থী পরিবহনের উদ্দেশে গাড়ি আমদানি করলে সকলেই ওই কর অব্যাহতির সুবিধা পাবেন।

শিক্ষার্থী পরিবহনে আনা এসব গাড়ির রঙ হবে হলুদ। বাসগুলোতে স্কুল, কলেজ, শিক্ষার্থী বাস বা পরিবহন শব্দগুলো যাতে সহজে ‘দৃষ্টিগোচর’ হয়, সেজন্য স্পষ্টভাবে লিখতে হবে। এসব বাস আমদানির জন্য আবেদন করলে এনবিআর ১০ কার্যদিবসের মধ্যে সেটি নিষ্পত্তি করবে। 

কর আদায়কারী সংস্থাটি বলছে, সকল প্রকারের শুল্ক-করাদি প্রত্যাহারের ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাশ্রয়ী খরচে শিক্ষার্থী পরিবহনে আধুনিক ও পরিবেশবান্ধব বাসের ব্যবস্থা করতে পারবে।

“উন্নত ও আরামদায়ক পরিবহনে একসঙ্গে অনেক শিক্ষার্থী স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত করতে পারবে। তাতে তীব্র যানজট নিরসন হবে, বিপুল জ্বালানি সাশ্রয় হবে এবং সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত বাবদ অভিভাবকদের খরচ বহুলাংশে কমে আসবে।”

শিক্ষার্থী পরিবহনের মতো অন্যান্য যাত্রী পরিবহনের বাস আমদানিতে শুল্ক-করাদি হ্রাসের বিষয়টিও সরকারের ‘বিবেচনায় রয়েছে’ বলে জানিয়েছে এনবিআর।