Published : 06 Aug 2025, 08:28 PM
এক্সিম ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন এস এম রেজাউল করিম।
‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে গত জুনের শেষ দিকে তিনি ব্যাংক বোর্ডে পদত্যাগপত্র জমা দেন।
বুধবার তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি নিজে থেকেই পদত্যাগ করেছেন। বোর্ডের সঙ্গে ওনার কারো কিছু হয়নি।
“তার পদত্যাগে আমার জন্যই সমস্যা তৈরি হয়েছে। কারণ নানা ধরনের কাজে তিনি দক্ষ ছিলেন।”
এক্সিম ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, স্বতন্ত্র পরিচালক হিসেবে শুধু খন্দকার মামুনের নাম রয়েছে।
২০২৪ সালে ক্ষমতার পালাবদলে ব্যাংক খাতে পরিবর্তনের অংশ হিসেবে এক্সিম ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ১৭ বছর পর নজরুল ইসলাম মজুমদারের বলয় থেকে বের হয় শরিয়াহভিত্তিক ব্যাংকটির পর্ষদ।
নতুন পরিচালকদের মধ্যে শেয়ারধারী পরিচালক তিনজন। তারা হলেন, মো. নুরুল আমিন, নজরুল ইসলাম স্বপন ও অঞ্জন কুমার সাহা। আর স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম ও সনদধারী হিসাববিদ খন্দকার মামুনকে।
এরপর বোর্ডে নজরুল ইসলাম স্বপন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।