Published : 25 Jun 2026, 10:02 PM
ভোগ ব্যয় বাড়াতে ব্যাংকগুলো বছরে কী পরিমাণ ঋণ ব্যক্তি খাতে দিতে পারবে সেই সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ক নতুন নির্দেশনায় বলেছে, এখন থেকে ভোক্তা খাতে ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকগুলোর কোনো সীমা থাকবে না।
২০১৭ সালে ভোক্তা ঋণ বিতরণে ব্যাংকগুলোকে একটি সীমা ঠিক করে দেয় বাংলাদেশ ব্যাংক। সেই নীতি অনুযায়ী, ব্যাংকের মোট ঋণের প্রবৃদ্ধির চেয়ে ভোক্তা ঋণের প্রবৃদ্ধির হার কোনোভাবেই বেশি হওয়ার সুযোগ ছিল না। সেই সিদ্ধান্ত এখন তুলে নেওয়া হয়েছে।
তবে ব্যক্তি পর্যায়ে দেওয়া ভোক্তা ঋণের সীমায় কোনো পরিবর্তন আনা হয়নি।
একই সঙ্গে ভোক্তা ঋণের মেয়াদ ৮ বছরের বেশি হবে না বলে সার্কুলারে বলা হয়েছে। আগে এ মেয়াদ ছিল ৫ বছর। তবে আবাসন ও গৃহনির্মাণ খাতে এ ঋণের মেয়াদ বেশি।
এর আগে বিদ্যুৎচালিত গাড়ি কেনা উৎসাহিত করতে ৫ মে বিদ্যুৎচালিত ও হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে ব্যক্তির ঋণ সীমা বাড়িয়ে দেয় বাংলাদেশ ব্যাংক।
সেমময় বিদ্যুৎচালিত ও হাইব্রিড যান কেনায় ২০ লাখ টাকা বাড়িয়ে সর্বোচ্চ ৮০ লাখ টাকা ঋণ দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ খাতে ঋণ-বিনিয়োগ অনুপাত করা হয় ৮০:২০ শতাংশ। আগে যা ছিল ৬০:৪০ শতাংশ।