এস আলমের বিদ্যুৎকেন্দ্র বিদেশি মুদ্রার ঋণও নিতে পারবে
একটি সিন্ডিকেট ঋণের আওতায় রূপালী ব্যাংকের অর্থায়নের বাকি অর্থ এখন ব্যবহার করতে পাবে এসএস পাওয়ার-১।
অর্থপাচার ও ঋণ অনিয়মের অভিযোগ নিয়ে বিদেশে থাকা আলোচিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ারকে বৈদেশিক মুদ্রায় ঋণ দিতে যাচ্ছে রূপালী ব্যাংক।
আগের একটি সিন্ডিকেট ঋণের আওতায় রূপালী ব্যাংকের অবশিষ্ট অংশের ৩১ লাখ ৯৮ হাজার ডলার এসএস পাওয়ারকে দিতে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার এ বিষয়ক এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক খেলাপি প্রতিষ্ঠানকে ব্যাংক কোম্পানি আইনের একটি ধারার বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে।
এর আগে গত ১৬ অগাস্ট একইভাবে আইনি ছাড় দিয়ে বিদ্যুৎ কোম্পানিটিকে শতভাগ নগদ মার্জিন সুবিধা দিয়ে ঋণপত্র (এলসি) খোলার অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।
চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে ঋণ অনিয়মের কারণে তদন্তের মুখে পড়ে এস আলম গ্রুপ। চট্টগ্রামভিত্তিক এ শিল্পগ্রুপের বিরুদ্ধে সরকারের বিভিন্ন সংস্থা অনুসন্ধানে নামে; একাধিক মামলাও হয়।
এমন পরিস্থিতিতে নতুন ঋণ না পেয়ে অর্থ সংকটে পড়ে গ্রুপটির বেশিরভাগ প্রতিষ্ঠান। এখন শুধু বিদ্যুৎ ও পরিবহন খাতের ব্যবসা টিকে আছে। ভোগ্যপণ্যের ব্যবসা চলছে খুড়িয়ে খুড়িয়ে। অর্থসংকটে অনেক প্রতিষ্ঠানের সঙ্গে খেলাপি হয়ে পড়ে এস এস পাওয়ার-১ লিমিটেডও।
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের গ্রাহক হচ্ছে চট্টগ্রামের বাঁশখালীতে স্থাপিত এসএস পাওয়ার-১ বিদ্যুৎকেন্দ্রটি।
