১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডিজিটাল ব্যাংক গড়তে চায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধন হতে হবে ৩০০ কোটি টাকা।

ডিজিটাল ব্যাংক গড়তে চায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্চ ভবন। ছবি: মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 04:59 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

পাঁচ আর্থিক কোম্পানি মিলে ডিজিটাল ব্যাংক গড়তে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।

বৃহস্পতিবার ডিএসইর মাধ্যমে বিনিয়োগকারীদের এ পরিকল্পনার কথা জানিয়েছে কোম্পানিটি। 

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স বলেছে, কোম্পানির ১৮০তম পরিচালক পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। 

সিদ্ধান্ত অনুযায়ী, পরিশোধিত ৩০০ কোটি টাকা মূলধনের মধ্যে তাদের শেয়ার থাকবে ৫ শতাংশ।

তালিকাভুক্ত কোম্পানি হওয়ায় পর্ষদ সভার সিদ্ধান্ত ‘মূল্য সংবেদনশীল তথ্য’ হিসেবে বিনিয়োগকারীদের জানিয়েছে প্রগতি লাইফ।

ডিজিটাল ব্যাংক করতে আগ্রহীদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রগতি লাইফ জানিয়েছে, তারা বাংলাদেশ ব্যাংকের সেই প্রক্রিয়ায় অংশ নিয়ে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার আবেদন করবে।

ডিজিটাল ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালায় বলা আছে, ন্যূনতম পরিশোধিত মূলধন হতে হবে ৩০০ কোটি টাকা। 

ডিজিটাল ব্যাংক পরিচালনার জন্য প্রধান কার্যালয় থাকবে। সেবা প্রদানের ক্ষেত্রে এটি হবে স্থাপনাবিহীন। অর্থাৎ, এই ব্যাংক কোনো ওভার দ্য কাউন্টার (ওটিসি) সেবা দেবে না।

ডিজিটাল ব্যাংকের নিজস্ব কোনো শাখা বা উপশাখা, এটিএম, সিডিএম অথবা সিআরএমও থাকবে না। সব সেবাই হবে অ্যাপনির্ভর, মুঠোফোন বা ডিজিটাল যন্ত্রে।

দিনরাত ২৪ ঘণ্টাই সেবা মিলবে এ ব্যাংকে। গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে ডিজিটাল ব্যাংক ভার্চুয়াল কার্ড, কিউআর কোড ও অন্য কোনো উন্নত প্রযুক্তিভিত্তিক পণ্য দিতে পারবে।