Published : 07 Sep 2026, 09:11 PM
বাণিজ্যিক ব্যাংকে প্রবেশিকা পর্যায়ে জনবল নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা বাধ্যতামূলক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর বাইরে অন্যান্য উচ্চতর পদে ‘অন্তত মৌখিক পরীক্ষা’ নেওয়ার কথা বলেছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।
সোমবার সব ব্যাংকের জন্য ‘মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালার’ নানা নির্দেশনা তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার দিয়েছে।
অভিজ্ঞতা আবশ্যক নয়, এমন পদের ক্ষেত্রে সার্কুলারে বলা হয়েছে, নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তিটি ব্যাংকের ওয়েবসাইট অথবা ‘জব সাইট’ কিংবা ন্যূনতম দুটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করতে হবে।
ব্যাংক ভেদে ‘এন্ট্রি’ পদের নাম ভিন্ন হতে পারে তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রার্থীদের অনলাইনে বা সশরীরে মূল্যায়নের পর লিখিত ও মৌখিক— উভয় পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে।
এছাড়া নিয়োগ পাওয়া প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এক বছরের মধ্যে যাচাই করতে বলা হয়েছে ব্যাংকগুলোকে।
বর্তমানে যারা চাকরিতে আছেন, তাদের শিক্ষাগত যোগ্যতার সনদ আগামী বছরের মার্চের মধ্যে যাচাই সম্পন্ন করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।