Published : 11 Aug 2026, 12:33 AM
গ্রাহকের আমানতের বিপরীতে সুদ ও মুনাফা দেওয়ার সময়ে কেটে নেওয়া উৎসে কর সরকারি কোষাগারে সময় মত জমা না দেওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার এ বিষয়ে তাগাদা দিয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়ে উৎসে কর সরকারি কোষাগারে জমার সময় বেঁধে দেওয়া হয়েছে।
চিঠিতে আয়কর আইন ২০২৩ তুলে ধরে বলা হয়, অর্থবছরের জুলাই থেকে মে মাসের যে কোনো সময়ে সংগ্রহ করা উৎসে কর মাসের শেষে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
আর অর্থবছরের জুন মাসের প্রথম থেকে ২০তম দিনের সংগ্রহ করা উৎসে করের অর্থ জমা দিতে হবে পরবর্তী সাতদিনের মধ্যে। এছাড়াও অর্থবছরের জুন মাসের অন্যান্য দিনে সংগ্রহ করা কর পরেরদিন জমা দিতে হবে।
সংগ্রহ করা করের অর্থ নির্দিষ্ট সময়সীমার বেশি ‘জেনারেল লেজারে’ অথবা অন্য কোনো হিসাবে সংরক্ষণ না করে নির্ধারিত সময়ে জমা দিতেও তাগাদা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
চিঠিতে বলা হয়, “সম্প্রতি বিভিন্ন ব্যাংক কর্তৃক আমানতের বিপরীতে পরিশোধিত সুদ/মুনাফার উপর উৎসে কর কর্তন এবং কর্তনকৃত কর নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদানের ক্ষেত্রে ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হচ্ছে। অনেক ক্ষেত্রে সঠিকভাবে কর কর্তন না করায় সরকার রাজস্ব হারাচ্ছে।’’
চিঠিতে আয়কর আইন মেনে গ্রাহকের সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত, মেয়াদী আমানত বা অন্য কোনো আমানতের বিপরীতে পরিশোধিত সুদ/মুনাফার উপর প্রাপকের ধরন ভেদে উৎসে কর কর্তন করতে নিদের্শনা দেওয়া হয়।
কেটে নেওয়া কর জমা দেওয়ার পরে রিটার্ন দাখিলের সময়ে প্রমাণ দিতে ব্যর্থ হলে উৎসে কর কর্তন বা সংগ্রহের হার অপেক্ষা ৫০ পঞ্চাশ শতাংশ বেশি হারে জমা দিতে হবে ব্যাংককে। সেই বিষয়টিও অবহিত করা হয় ব্যাংকগুলোকে।