২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ব্যাংকে লেনদেন ৩টা পর্যন্ত, পুঁজিবাজারের সিদ্ধান্ত মঙ্গলবার

বর্তমান সময়ের চেয়ে এক ঘণ্টা আগে সকাল ৯টা থেকে ব্যাংকে লেনদেন শুরু হবে; অন্যান্য কাজ চলবে ৫টা পর্যন্ত।

ব্যাংকে লেনদেন ৩টা পর্যন্ত, পুঁজিবাজারের সিদ্ধান্ত মঙ্গলবার

রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকে লেনদেন করছেন গ্রাহকরা। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 07:26 PM

Updated : 23 Aug 2022, 01:08 AM

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি ঘোষণার সঙ্গে অফিসের সময়সূচি মেলাতে ব্যাংকের লেনদেন এক ঘণ্টা এগিয়ে এনে ৯টায় শুরু হবে; যা চলবে বিকেল ৩টা পর্যন্ত।

অপরদিকে ব্যাংকের সময়ের সঙ্গে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময় নির্ধারণ করা হবে মঙ্গলবার বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বর্তমানে ব্যাংকে লেনদেন হয় সকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

সোমবার চলমান সংকটের মধ্যে জ্বালানি সাশ্রয়ে মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্তের পর সরকারি ও স্বায়ত্বশাসিত দপ্তরে এবং ব্যাংকে কর্মঘণ্টা কমিয়ে নতুন সময় ঘোষণার পর বিকালে বাংলাদেশ ব্যাংক লেনদেনের সময় নির্ধারণ করে দিল।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, ‘‘বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২৪ আগস্ট থেকে ব্যাংকের লেনদেন সময়সূচি হবে সকাল ৯টা থেকে অপরাহ্ন ৩টা পর্যন্ত।“

লেনদেন পরবর্তী ব্যাংকের দাপ্তরিক প্রয়োজন শেষ করতে বিকেল ৫টা পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো খোলা থাকবে। এ সময়ের মধ্যে সব কর্মকর্তা-কর্মচারীকে অফিস ত্যাগ করার বাধ্যবাধকতা দিয়ে নির্দেশনাটি জারি করে কেন্ত্রীয় ব্যাংক।

নির্দেশনায় উল্লেখ করা হয়, সমুদ্র/স্থল/বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা সার্বক্ষণিক খোলা রাখার বিষয়টি অপরিবর্তীত থাকবে।

Image

একটি ব্রোকারেজ হাউজে বিনিয়োগকারীরা। ফাইল ছবি

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় সরকারি ও স্বায়ত্বশাসিত অফিস বুধবার থেকে সকাল ৮ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। বর্তমানে যা রয়েছে সকাল ৯টা থেকে বিকাল ৫টা।

অন্যদিকে ব্যাংকের কাজ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে বলে মন্ত্রিসভার বৈঠক শেষে জানানো হয়। বর্তমানে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে। তবে ৪টা পর্যন্ত লেনদেন করা যায়।

আর ব্যাংকের সঙ্গে সমন্বয় করে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন চলে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

এখন সরকারি সময় এগিয়ে আনায় পুঁজিবাজারের লেনদেন ঘণ্টা ঠিক রেখে সময় এগিয়ে এনে শুরু করার বিষয়টি ভাবছে বলে জানিয়েছেন বিএসইসির মুখপাত্র মো. রেজাউল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘কমিশন সকাল ৮টা থেকে অফিস শুরু করবে। আগামীকাল মঙ্গলবার ব্যাংকের সঙ্গে সমন্বয় করে নতুন লেনদেন সময় নির্ধারণ করে তা জানিয়ে দেওয়া হবে।’’