১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জরুরি চাহিদা মেটাতে আরও ২ লাখ ৬০ হাজার টন তেল কিনছে সরকার

এর আগে বৃহস্পতিবার ৩ লাখ টন ডিজেল কেনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 10:17 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জরুরি জ্বালানি চাহিদা মেটাতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার।

এর মধ্যে এক লাখ টন অপরিশোধিত তেল। এর বাইরে আরও ১ লাখ ৬০ হাজার টন ডিজেল কেনার স্দ্ধিান্ত হয়েছে।

মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জ্বালানির জরুরি চাহিদা মেটাতে এর আগে বৃহস্পতিবার ৩ লাখ টন ডিজেল কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরিভাবে এক লাখ টন তেল কেনা হবে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে। স্থানীয় আবির ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটস এর কাছ থেকে তা কেনার অনুমোদন দেয় কমিটি।

এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রণালয় বলেছে, ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন নামের কোম্পানি থেকে ৬০ হাজার টন ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। 

আর ইউরোপীয় মানের এক লাখ টন ডিজেল কেনা হবে কাজাখস্তানের সরবরাহকারী এক্সনমোবলি কাজাখস্তান ইনকরপোরেটেড (ইএমকেআই) এর কাছ থেকে। এটিও আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হবে।

আরেক প্রস্তাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসির ব্যবস্থাপনায় রাশিয়ার জেএসসি ফরেন ইকোনোমিক কর্পোরেশন (প্রডিনটর্গ) এর সঙ্গে চুক্তির আওতায় ৩৫ হাজার টন এমওপি সার আমদানির সিদ্ধান্ত হয় ক্রয় কমিটিতে।

প্রতি টনের মূল্য ৩৬০ দশমিক ৫৩ ডলার হিসাবে স্থানীয় মুদ্রায় ১৫৪ কোটি ৮৯ লাখ টাকার সামান্য বেশি পড়ছে।

কমিটি নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তাদের নির্মাণাধীন ১৫ তলাবিশিষ্ট ৮টি ভবনের প্রকল্প ব্যয় ১৪ কোটি ১২ লাখ টাকা বাড়িয়ে ১০৯ কোটি ৩৫ লাখ টাকা করেছে।

এটি অনুমোদন হওয়া প্রকল্প ব্যয়ের চেয়ে ১৪ দশমিক ৮৩ শতাংশ বেশি। 

আগের খবর:

জ্বালানির ধাক্কা সামলাতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

দেশে 'এক মাসের মত' জ্বালানি তেল মজুদ আছে: মন্ত্রিপরিষদ সচিব

স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার